ধর্মানুভূতিতে আঘাত: সানি দেওলের বিরূদ্ধে মামলা
ভারতীয় অভিনেতা সানি দেওল এবং নির্মাতা চন্দ্র প্রকাশ দ্যুভেদির বিরূদ্ধে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা করা হয়েছে বারানসিতে। হিন্দুত্ববাদী সংগঠন সারভাজান জাগ্রুতি সংস্থার অভিযোগ সিনেমাটির ট্রেইলারে এমন কিছু দৃশ্য রয়েছে, যেখানে হিন্দু দেবতা শিব এবং বারানসি শহরের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ট্রেইলারের একটি দৃশ্যে দেখানো হয় দেবতা শিবের সজ্জাধারী এক ব্যক্তি ভক্তের গায়ে পাড়া দিয়ে গালি দিচ্ছেন।
প্রখ্যাত ভারতীয় লেখক কাশিনাথ সিং এর উপন্যাস ‘কাশি কা আস্সি’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে সানি দেওল অভিনয় করেছেন একজন সংস্কৃত শিক্ষক এবং গোঁড়া পুরোহিতের ভূমিকায়। তার স্ত্রীর ভুমিকায় অভিনয় করেছেন টিভি সিরিয়াল অভিনেত্রী সাক্শি তানওয়ার। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন ভোজপুরি অভিনেতা রাভি কিশান।
অভিযোগকারী বলেন, “সিনেমাটি ধর্মানুভূতিতে আঘাত হানে এবং এরকম কোনো সিনেমার মুক্তি আমরা অনুমোদন করতে পারি না।”
কিছুদিন ধরেই ইউটিউবে প্রকাশ হওয়া সিনেমাটির ট্রেইলার নিয়ে তোলপাড় চলছে বারানসিতে। সিনেমাটির বিরূদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দেখা গেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে। এরকম এক প্রতিবাদ সমাবেশে কাশ বিদ্যাত পরিষদের পক্ষ থেকে বলা হয়, দৃশ্যটির মাধ্যমে কেবল হিন্দুদের পবিত্র শহর কাশি এবং দেবশ্রেষ্ঠ শিবকে নয়, অবমাননা করা হয়েছে গোটা বারানসিকেই। বারানসির শ্রী বিদ্যা মঠের স্বামী আভিমুক্তেশোয়ারানান্দ দাবি জানান, সিনেমা থেকে দৃশ্যটিকে সরিয়ে ফেলার। না হলে বারানসিতে যাতে সিনেমাটি মুক্তি না পায়, সে ব্যাপারে ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শিভসেনার তরফ থেকেও সিনেমাটির বিষোদগার করে চিঠি লেখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। এ ব্যাপারে উগ্রবাদী সংগঠনটির সভাপতি অজয় চৌবে বলেন, “আমরা মোদিজীকে লিখেছি এবং তাকে অনুরোধ জানিয়েছি এ ব্যাপারে কঠিন ব্যবস্থা নিতে। এই ধরনের দৃশ্য কেবল বারানসির ভাবমূর্তি ক্ষুন্ন করেনা, আমাদেরকে ভুল বার্তাও দেয়।”
ওদিকে সিনেমাটির অভিনেতা রাভি কিষান সিনেমাটি সম্পর্কে বলেন, “আমি নিজেও অনেক দৃশ্যে গালি দিয়েছি, কারণ এটা সিনেমার জন্য দরকার ছিল। অবশ্য, নির্মাতা এই পবিত্র শহরের সংস্কৃতি এবং সমাজকে খুবই সুন্দর করে তুলে ধরেছেন। এই দৃশ্যটি যদিও তিনি বাদ দিতে পারতেন, অথবা অন্যভাবে দৃশ্যায়ন করতে পারতেন যাতে কারো ধর্মানুভূতিতে আঘাত না লাগে।”
