২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হিন্দু বা মুসলমান নয়, ভক্ত দেখি'

'এক থা টাইগার'-এর পর 'বাজরাঙ্গি ভাইজান'-এর মাধ্যমে আরও একবার ভারত-পাকিস্তানের মধ্যকার টানাপড়েন পর্দায় নিয়ে এসেছেন পরিচালক কবির খান। আর দুটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন সালমান খান। সালমানের মতে, জাতিগত বৈষম্য দূর করাই তাদের উদ্দেশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

'বাজরাঙ্গি ভাইজান'-এর মূল কাহিনি গড়ে উঠেছে পাকিস্তানি এক মেয়ে শিশুকে নিয়ে। ছোট্ট এই মেয়েটি কথা বলতে পারে না, বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সে ভারতে আটকে পড়ে। পাসপোর্ট-ভিসা ছাড়াই মেয়েটিকে নিজের বাড়ি ফিরিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে নেন হনুমানভক্ত পাভান অর্থাৎ সালমান খান।

সম্প্রতি 'বাজরাঙ্গি ভাইজান'-এর ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে সালমান ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে বলেন,  দুই দেশের মধ্যে বিভেদ দূর করা তাদের সিনেমার একটি উদ্দেশ্য। 

"সীমান্তে যুদ্ধ করতে গিয়ে দুই দেশের মানুষই প্রাণ হারায়। কিন্তু যখন কেউ মারা যায়, সে ভারতীয় হোক কিংবা পাকিস্তানি, বুলেট কিন্তু তার মায়ের বুকেই লাগে।"

তিনি আরও বলেন, "যখন আমার সিনেমা মুক্তি পায়, আমি কোনো হিন্দু কিংবা মুসলমান দেখি না। আমি দেখি আমার ভক্তদের। আমি নিজে যেই ভালোবাসা পেয়েছি আমার পরিবারের কাছ থেকে, তা আমার ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে চাই।"

ঈদ-উল-ফিতরে মুক্তি পাচ্ছে সালমানের 'বাজরাঙ্গি ভাইজান'। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। আরও অভিনয় করেছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি।