২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হলিউডে নারী-পুরুষ সমান নয়'

হিলারি সোয়াঙ্কের পর এবার হলিউডে লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুললেন অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 04:42 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

তার মতে, হলিউড এমন এক জায়গা, যেখানে নারী ও পুরুষকে কখনো সমান চোখে দেখা হয় না। সম্প্রতি এক অনুষ্ঠানে কিডম্যান বলেন, "নারীদের জন্য আরও অনেক সুযোগ তৈরি করতে হবে আমাদের। হলিউডে এখনও নারী-পুরুষ সমান নয়।

" চলতি বছরের অস্কারে সঠিক স্বীকৃতি না পাওয়ার পেছনে লিঙ্গ বৈষম্যকেই দায়ী করেন নারী নির্মাতা এভা দ্যুভার্নে। তিনি বলেন, "সবসময়ই নারী নির্মাতাদের অবহেলার শিকার হতে হয়। এ কারণে তাদের প্রতিভা অনেকটাই আড়ালে রয়ে যায়।" অস্কার আসরে মনোনয়ন পেয়েও ‘সেলমা’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিততে পারেননি তিনি।

‘সেলমা’র অস্কার না জেতাকে অনেকেই ‘অবিচার’ বলে অভিহিত করেছেন। ওদিকে গর্ভধারণের কারণে অনেক প্রযোজক তাকে কাজ থেকে বাদ দিয়েছেন বলে অভিযোগ করেন ‘অ্যাভাটার’ তারকা জোয়ি সালডানা।

গত বছর এই ঘটনার পর ফিল্ম স্টুডিওগুলোর প্রতি সদ্য মা হওয়া অভিনেত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করার দাবী জানান তিনি।

 ইউএসএ টুডেকে সালডানা বলেন, "ঠিক যখন আমি মা হবার খুশিতে আত্মহারা, তখন আমি লোকমুখে শুনতে পাই আমাকে সিনেমা থেকে বাদ দেয়ার কথা ভাবছেন কয়েকজন প্রযোজক। আমি খুবই অবাক হয়েছিলাম।

" তিনি আরও বলেন, "পুরুষ তারকাদের জন্য সবসময়ই বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করেন প্রযোজকরা। প্রাইভেট জেটে করে শুটিং লোকেশনে যান অনেকে, কেউ কেউ অন্যদের সঙ্গে হোটেলে না থেকে বিলাসবহুল ইয়টে (নৌকা) থাকেন - সবই প্রযোজকদের টাকায়।"

"কিন্তু একজন অভিনেত্রী যখন বলেন, বাড়ি থেকে দূরে নিজের শিশু সন্তান নিয়ে শুটিং করতে তার বাড়তি কষ্ট করতে হচ্ছে। সন্তানের দেখাশোনার জন্য আয়া রাখতে হচ্ছে অতিরিক্ত পয়সা দিয়ে। তখন সেই খরচ দিতে রাজি হন না প্রযোজকরা।"