'সারাদিন খাটিয়ে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না'
টেলিভিশন নাটকে অভিনয়ের পর চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এনেছেন এই প্রজন্মের মডেল, অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। কম বাজেটের কারণেই শিল্পীরা নিজেদের সেরা কাজটি দিতে পারছেন না বলে মনে করছেন তিনি।
অনিরুদ্ধ রাসেল পরিচালিত ঈদের নাটক ‘নেয়ামতের কেয়ামত’-এর সেটে গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় ঊর্মিলা বলেন, “নির্দিষ্ট করে কোনো পরিচালক কিংবা প্রযোজকের নাম বলবো না। শুধু এতটুকুই বলব, একজন চুক্তিবদ্ধ আটর্িস্টকে সারাদিন খাটিয়ে তাকে চুক্তি অনুযায়ী পারিশ্রামিক না দেওয়া এক ধরনের ক্রাইম, যেটা হরহামেশাই ইন্ডাষ্ট্রিতে হচ্ছে।”
সেই সঙ্গে আরও বললেন নাটকের বাজেট কমে যাওয়ায় কাজের মানও পড়ছে, ‘‘ মোটেই মানসম্মত কাজ হচ্ছে না। কিভাবে বের হবে! কম বাজেটের কারণে দৃশ্যায়নের সময় কমে আসে। একজন আটর্িস্ট সেই স্বল্প সময়ে কিভাবে নিজের সেরাটা দিতে পারে?”
কথায় কথায় বললেন, “তারকা হওয়া কি এতই সোজা! নিজেকে সেই লেভেলে তো নিয়ে যেতে হবে, তাই না? নিজেকে সেই লেভেলে না নিয়ে গিয়ে দুএকটা কাজ করে তারকা ভাবা মোটেই বুদ্ধিমানের নয়, বরং বুদ্ধিহীনের কাজ।”
সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা ঊর্মিলা ধারাবাহিক থেকে এক পর্বের নাটকে অভিনয়ে বেশি `আগ্রহী'।
“এক পর্বের নাটকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ধারাবাহিকে যে করি না তা কিন্তু নয়। তবে সারা বছর অনস্ক্রিনে থাকতে ধারাবাহিকের বিকল্প নেই’’।
ইমরান ও পূজার ‘দূরে দূরে’ গানে মডেল হয়ে প্রশংসা কুড়ানো উর্মিলা সাফ জানিয়ে দিলেন আর কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করবেন না।
তাহের শিপনের ‘জটিল প্রেম’ নাটকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিষেক হওয়া উর্মিলা এখন ব্যস্ত সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, আলী ফিদা একরাম তোজো’র ‘ফ্যামিলি প্যাক’, হিমেল আশরাফের ‘একদিন ছুটি হবে’ সহ বেশ কিছু ধারাবাহিকের কাজ নিয়ে। সম্প্রতি শেষ করেছেন শহীদুজ্জামান সেলিমের ‘এক ঝাঁক মৃত জোনাকির গল্প’ ধারাবাহিকের।
মডেল-অভিনেত্রী-আইনজীবি ঊর্মিলা গানও করেন। রবীন্দ্রসংগীতে স্বর্ণপদকজয়ী গায়িকা তিনি।
ছবি--- ইমতিয়াজ হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
