সুপারহিরো অমিতাভ
অতিমানব হিসেবে আগেও পর্দায় দেখা গেছে তাকে। তুফান নামের এমন এক অতিমানবের ভূমিকায় অভিনয় করেছেন, যার ডাকে তুফান ওঠে। ৭৩ বছর বয়সে আবারও অতিমানবের ভুমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। শিশুতোষ অ্যানিমেটেড সিরিজ ‘অস্ত্রফোর্স’- দেখা যাবে তাকে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, ৫২ পর্বের এই সিরিজটিতে পৌরাণিক এক অতিমানব অমিতাভ, পৃথিবী থেকে অনেক দূরের এক গ্রহে যার বসতি।
লক্ষ লক্ষ বছর ধরে তিনি ঘুমিয়ে ছিলেন পৃথিবীর কোলে। সৌরমণ্ডলে ঘটে যাওয়া এক ভয়াবহ যুদ্ধে আহত হয়ে তিনি এসে পড়েন পৃথিবীতে, এরপর আর ফিরে যেতে পারেননি।
তাকে একদিন জাগায় আট বছর বয়সী দুই জমজ ভাইবোন। আধুনিক পৃথিবী সম্পর্কে অজ্ঞ এই দৈব শক্তিধারীকে সবকিছু শেখানোর দায়িত্ব নেয় এই দুই শিশু।
ওদিকে জানা যায়, সৌরমণ্ডলকে ধ্বংস করতে আসছে শত্রুর দল। পৃথিবী এবং সৌরমণ্ডলকে বাঁচাতে সুপারহিরোকে নিয়ে দুই ভাইবোন গঠন করে ‘অস্ত্র ফোর্স’।
‘অস্ত্র ফোর্স’ নির্মাণ করেছে কমিকবুক এবং অ্যানিমেশন কোম্পানি গ্রাফিক ইন্ডিয়া এবং প্রযোজনা করেছে ডিজনি চ্যানেল ইন্ডিয়া। সিরিজটি ভারতের ডিজনি চ্যানেলে প্রচারিত হবে ২০১৭ সাল থেকে।
বিগ বি বললেন, "আমি এর আগে এই ধরনের কোনো সিরিজে কাজ করিনি, তবে আমার বিষয়টি ভালো লেগেছে। এর মাধ্যমে শিশুরা অনেক কিছু শিখতে পারবে, শিশুদের সঙ্গে আমার সম্পর্কও তৈরি হবে।"
অমিতাভের ফেইসবুক পেইজের মাধ্যমে ‘অস্ত্র ফোর্স’-এর একটি বিশেষ অ্যাপ্লিকেশন চালু করবে গ্রাফিক ইন্ডিয়া,যার মাধ্যমে এই সিরিজের কমিক বই এবং ই-বুক কেনা যাবে।
