আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর সিকুয়াল
'জুরাসিক ওয়াল্ডর্'-এর রক্ত শীতল করে দেওয়া ডায়নোসরদের আবারও পর্দায় দেখতে চান যারা, তাদের জন্য রয়েছে সুখবর। আসছে সিনেমাটির সিকুয়াল। আর এর কেন্দ্রীয় চরিত্রে ফিরবেন ক্রিস প্র্যাট।
ব্যাং শোভিজ জানাচ্ছে, ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ খ্যাত এই তারকা নিজেই নিশ্চিত করেছেন, পরের সিনেমাতেও অভিনয় করবেন তিনি।
ইউনিভার্সাল পিকচার্সের নতুন কোনো সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন কিনা, জানতে চাইলে ক্রিস প্র্যাট বলেন, “আমি হয়েছি। মনে হয় তাদের ৩৮টি সিনেমায় আমাকে দেখা যাবে।”
ক্রিস প্র্যাট এ সময় প্রসংশা করেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর পরিচালক কলিন ট্রেভরোর। তার ভাষ্যে ট্রেভরো ‘অসাধারণ কাজ করেছেন’।
এন্টারটেইনমেন্ট উইকলিকে এ ব্যাপারে ক্রিস প্র্যাট বলেন, “তিনি সবার উপরে। তিনি নিয়ন্ত্রন ধরে রেখেছেন এবং সিদ্ধান্ত নিতে পেরেছেন। তার কারণেই দৃশ্যগুলো গতিশীল হয়েছে।”
তিনি আরও বলেন, “তিনি আসলেই পরিচালনা করেছেন। আমি এটা বলছি, কারণ মাঝে মধ্যে পরিচালকদের আসা এবং ‘অ্যাকশন’ ও ‘কাট’ বলে চিৎকার করাটাকে পরিচালনা বলে না। পরিচালনা হলো, তার স্বপ্ন আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া।”
“তিনি অ্যানিমেটিক দৃশ্যগুলোও পরিচালনা করেছেন। আর তাই তিনি যখন সিনেমাটি পরিচালনা করছিলেন, তিনি আসলে সিনেমাটিকে নতুন করে তৈরি করছিলেন।”
এদিকে মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী অর্ধ শত কোটি ডলার আয় করা প্রথম সিনেমায় পরিণত হয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’। এটি এখন সর্বকালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের সিনেমা। কেবল চীন থেকেই প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছে ১০ কোটি ডলারের বেশি।
