২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ প্রযোজনাই ভরসা!

সোমবার রাতে রাজধানী ঢাকার একটি হোটেলে হয়ে গেলে আরও এক যৌথ প্রযোজনার সিনেমা ‘রকেট’-এর মহরত।  সিনেমার বাংলাদেশ অংশের প্রযোজক কিবরিয়া ফিল্মসের কর্ণধার ও সিনেমাটির পরিচালক কিবরিয়া লিপু ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমার উদাহরণ টেনে বলেন, “দুটি যৌথ প্রযোজনার সিনেমা বাংলাদেশের হলমালিক ও প্রযোজকদের মনে আশার সঞ্চার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 06:01 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

তিনি আরও বলেন, “ঢাকাই চলচ্চিত্র অনেকদূর এগিয়ে যাওয়ার কথা থাকলেও ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছি আমরা। এ অবস্থায় আমরা যদি যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ শুরু করি, তবে চলচ্চিত্রের ব্যবসায়িক খরা অনেকটাই কেটে যাবে। চলচ্চিত্রগুলোও কারিগরি দিক দিয়েও আরও বেশি উন্নত হবে।”

সিনেমাটির ভারতীয় প্রযোজক দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেডের রানা সরকার দুই বাংলার চলচ্চিত্রের বাজারের পড়তি অবস্থার কথা স্বীকার করে বলেন, “এখন আমাদের খুব বড় চ্যালেঞ্জ বিশ্বের ৩৫ কোটি বাঙালির কাছে বাংলা সিনেমা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে দুই বাংলাকে একযোগে কাজ করতে হবে।”

রানা মনে করছেন, বাংলাদেশের বাজারে সোহমের ‘বেশ গ্রহণযোগ্যতা রয়েছে’ । সোহম-মিমের ‘রকেট’ সিনেমাটি ‘ঠিকঠাক’ মুক্তি দেওয়া হলে দুই বাংলার চলচ্চিত্রের বাজারে তা আলোড়ন সৃষ্টি করবে।

প্রযোজক-পরিবেশক সমিতির নেতা ও এক সময়ের বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের সিনেমার প্রযোজক কে এম আর মঞ্জুর তার বক্তব্যে ঢাকাই সিনেমার সোনালী অতীত ও টালিগঞ্জের সিনেমার দুরাবস্থার ইতিহাসের কথা উল্লেখ করলেন। 

“একসময় টালিগঞ্জের অবস্থা ছিল শোচনীয়। সেখানে গিয়ে আমাদের দেশের বেশ কজন প্রযোজক সিনেমা নির্মাণ করে এসেছেন। সিনেমাগুলো তারা ব্যক্তিগত উদ্যোগেই করেছিলেন। এখন যৌথ প্রযোজনার সিনেমা নির্মিত হচ্ছে। যথাযথভাবে মুক্তি পেলে সিনেমাগুলো সত্যিই আমাদের জন্য ইতিবাচক হবে।”

ভারতীয় সিনেমা আমদানির বিপক্ষে আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান বলছেন, “এদেশে কোনো সিনেমার জন্য যদি ভালো শিল্পীর অভাব হয়, তবে টালিগঞ্জ থেকে শিল্পী নিয়ে আসা যেতে পারে। আবার আমাদের দেশ থেকে শিল্পীরা সেখানে গিয়ে সিনেমাতে কাজ করতে পারে। দুদেশের শিল্পীদের আদান-প্রদান বেড়ে গেলে তা দুই দেশের জন্যই মঙ্গল।”

মহরত অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, “যথাযথ গল্প ও নির্মাণ যথাযথ হলে সোহম-মিম জুটিকে দর্শক গ্রহণ করবে। সিনেমার ব্যবসায়িক দিকটিও নির্ভর করছে দর্শকের উপর।”

যৌথ প্রযোজনার সিনেমায় সোহম-মিম
 

ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম