২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষা উৎসবে প্রকৃতিবন্দনা

সবুজ বাঁচানোর আহবান জানিয়ে বর্ষা উৎসব পালন করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার সকাল সাড়ে সাতটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষা উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 12:00 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

বর্ষা ঋতুকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত এ উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানমালার শুরুতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে মিয়াকি মল্লার রাগের পরিবেশনা।

প্রিয়াঙ্কা গোপের পর দলীয় সংগীত পরিবেশন করে পঞ্চভাস্কর। তারা পরিবেশন করেন “রিমঝিম ঘন ঘন রে বরষে” এবং “অম্বরে মেঘ মৃদঙ্গ বাজে” গান দু’টি। এরপর ছিল সালমা আকবর ও মাহমুদ সেলিমের পরিবেশনায় একক সঙ্গীত। ভাস্বর বন্দোপাধ্যায়ের ভরাট কণ্ঠের আবৃত্তি শোনার পর বর্ষার আবাহনে যোগ দিয়ে বিশেষ গীতি আলেখ্য পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এ গীতি আলেখ্যের মূল ভাবনা ছিল ‘সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’।

টানা দশম বছরের মতো আয়োজিত উদীচীর বর্ষা উৎসবে দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা এবং উস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমীর শিল্পীরা। একক সংগীত পরিবেশনায় আরো ছিলেন দেশের প্রথিতযশা শিল্পী সাজেদ আকবর, ছায়া কর্মকার, বিমান চন্দ্র বিশ্বাস, মহাদেব ঘোষ, সোহানা আহমেদ প্রমূখ। আবৃত্তি করেন বেলায়েত হোসেন এবং ঝর্ণা সরকার।

‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’, ‘আবার এসেছে আষাঢ়’, ‘কুন গাঙ্গে আইলো পানি’, ‘আল্লাহ মেঘ দে পানি দে’, ‘গাইছি মেঘমল্লারে মেঘলা দিনের গান’ গানগুলোর সঙ্গে নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন, নটরাজ, স্পন্দনের মতো নৃত্যদল।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ এবং কাফরুল শাখার শিল্পীরাও বর্ষা উৎসবে দলীয় পরিবেশনা উপস্থাপন করেন।

সাংস্কৃতিক পর্ব শেষে ছিল বর্ষা কথন। ঝুম বৃষ্টি মাথায় নিয়েই  এতে অংশ নেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী, বিশিষ্ট পরিবেশবিদ দ্বীজেন শর্মা, কৃষিবিদ ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনেয়ার তপন।

বেশকটি লোকগানের উদাহরণ টেনে উদীচী সভাপতি কামাল লোহানী বলেন, “এইসব গান আর গাইবে না কেউ। এমনকি কোনো অনুষ্ঠানেও নয়। এই মাটিতে অভাব, অক্ষমতা, ঐতিহ্য রক্ষায় ব্যর্থতা আমাদের সংস্কৃতিকেই আঘাত হানছে। আর এর সুযোগে ভিনদেশী অপসংস্কৃতি ঢুকে পড়েছে।”

‘বর্ষা কথন’ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ঋতুভিত্তিক উৎসবসমূহ অসাম্প্রদায়িক ও সর্বজনীন। বাংলাদেশের উদীচী শিল্পীগোষ্ঠী এসব অসাম্প্রদায়িক দেশজ উৎসবকে সারাদেশের সব মানুষের কাছে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।