২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দার আদর্শ বৌমা যখন নির্যাতনের শিকার

ভারতীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত মেগা সিরিজগুলোর মূল প্রতিপাদ্যই হয় বিয়ে, সংসার আর পারিবারিক বন্ধন। কিন্তু ছোট পর্দার এইসব রূপকথার নেপথ্যের মানুষগুলোর জীবনে এই বিষয়গুলো কতটা সত্যি সে প্রশ্ন থেকেই যায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 05:26 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, সম্প্রতি টিভির পর্দায় আদর্শ সম্পর্কের প্রতীক হয়ে ওঠা এই অভিনেত্রীরা অনেকেই ঘরোয়া নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলছেন।

শালিন ভানোত এবং দালজিত কাউর ছয় বছর আগে বিয়ে করেছিলেন ভালবেসেই। কিন্তু চার বছর যেতে না যেতেই তাদের সংসারে ভাঙ্গনের সুর শোনা যায়। দালজিত সে সময় শালিনের বিরুদ্ধে পুলিশী অভিযোগ করেছিলেন গৃহ নির্যাতনের। কিছুদিনের জন্য আলাদা থাকলেও পরে আবার একত্রে থাকা শুরু করেন তারা। এক বছর বয়সী একটি ছেলেও রয়েছে তাদের।

দালজিতের অভিযোগ, এক সময় তিনি জানতে পারেন শালিন তার সঙ্গে প্রতারণা করছেন। এই ব্যাপারে শালিনের মুখোমুখি হলে দালজিতকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন তিনি। এরপর থেকে দালজিতকে নিয়মিতভাবেই শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। অবশেষে দালজিত এ ব্যাপারে মামলা করলেও জামিনে মুক্ত আছেন শালিন।

২০১৩ সালের সেপ্টেম্বরে নিজের ব্যাবসায়ী প্রেমিক মাকরান্দ মালহোত্রার বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। ফোনে গালাগালি, হয়রানি এবং শারিরীক আঘাতের হুমকি দেওয়ার অভিযোগ করেন প্রত্যুষা। এর বিপরীতে মাকরান্দ দাবি করেন, প্রত্যুষা তার সঙ্গে প্রতারণা করেছেন।

একতা কাপুরের ‘কুসুম’ দিয়ে খ্যাতি অর্জন করা অভিনেত্রী রুচা গুজরাতি তার সাবেক স্বামী মিতুল সাংঘাভি এবং তার শ্বশুরবাড়ির মানুষদের বিরুদ্ধে নির্যাতনের। তিনি এও দাবি করেন, নির্যাতনের পরিধি এতই ব্যাপক ছিল যে, তাকে খাবারও খেতে দেওয়া হতো না। মিতুলের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক এবং শারিরীক নির্যাতনের মামলা করেন তিনি।

ছোট পর্দার আরেক চেনা মুখ শোয়েতা তিওয়ারি তার সাবেক স্বামী রাজা চৌধুরির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মদ্যপ অবস্থায় তাকে নির্যাতনের। ১৪ বছর নির্যাতন সহ্য করার পর বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। অভিনেত্রী দীপশিখা নাগপাল পুলিশের কাছে আবেদন করেন তার স্বামী কাইশাভকে তার বাড়িতে ঢোকা থেকে বিরত রাখতে।

স্বামীর বিরুদ্ধে মামলা করা নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও গৃহ নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলা উচিৎ বলে মনে করেন শোয়েতা।

“কেউই পরিকল্পনা করে বিতর্কে জড়াতে চায় না। এটা সবসময়ই এক ধরনের আবেগের বিস্ফোরণ। কিন্তু আমার কি আর কোনো বিকল্প ছিল? আমাকে আমার সন্তান এবং নিজেকে রক্ষা করতে হতো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মুখ খোলার। আমি যখন এই পদক্ষেপ গ্রহণ করি, আমাকে আমার বন্ধুদের সবাই মনে করিয়ে দিয়েছে, গণমাধ্যমে এটি প্রচার হবে। আমি তাদের প্রশ্ন করেছি, আর কতদিন আমি এটা সহ্য করবো? তারকা হওয়ার চাপ অনেক।”

তিনি আরও বলেন, “ভয় পেয়ে আমি সারাজীবন বেঁচে থাকতে পারবো না। অনেক নারীই ঘরের ব্যাপার পুলিশকে জানাতে চান না। কে চায় পরিবারের নাম খারাপ করতে? তাদের কাছে কেউ জানতে চায় না, কিসের মধ্য দিয়ে তারা এতদিন গেছে।”