২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের জন্য সময় নেই কাঙ্গানার

বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগের জন্য যেখানে মুখিয়ে থাকেন অন্য নায়িকারা, কাঙ্গানা রানাওয়াত তখন ফিরিয়ে দিচ্ছেন একের পর এক প্রস্তাব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 04:29 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

সম্প্রতি সালমানের বিপরীতে ‘সুলতান’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। এর আগে না করে দিয়েছিলেন ‘বাজরাঙ্গি ভাইজান’-এর নির্মাতা কবির খানকেও।

‘সুলতান’-এ কাঙ্গানা অভিনয় করতে পারছেন না শিডিউল জটিলতার কারণে। ওই একই সময়ে ভিশাল ভারাদওয়াজের ‘রাঙ্গুন’-এ কাজ করবেন তিনি। শাহিদ কাপুর এবং সাইফ আলি খানের বিপরীতে অভিনয় করবেন এই সিনেমায়।

নিজের নতুন সিনেমা ‘কাট্টি বাট্টি’র ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এ ব্যাপারে কাঙ্গানা বলেন, “আমি এর মধ্যেই ‘রাঙ্গুন’-এ কাজ করার দিন-তারিখ ঠিক করে ফেলেছি। এ কারণেই সিনেমাটি(সুলতান) আমি করতে পারছি না।”

এর আগে সালমানের বিপরীতে‘বাজরাঙ্গি ভাইজান’-এও কাজ করেননি কাঙ্গানা। এর মধ্যে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, তবে কি খুব বেছে বেছে কাজ করছেন ‘কুইন’ অভিনেত্রী?

কাঙ্গানার উত্তর, “আমি সব সময়ই বেছে বেছে কাজ করি। আপনি সফল হলেন কি হলেন না, আপনার সামনে বিকল্প থাকুক বা না থাকুক, আপনাকে সেরাটাই বেছে নিতে হবে। আগে আমার জন্য খুব বেশি সুযোগ ছিল না, কিন্তু এখন আছে। আর তাই আমি বেছে বেছে কাজ করতে পারছি।”