মিরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পাকিস্তানি অভিনেত্রী মিরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির এক আদালত। সম্প্রতি নিজেকে মিরার স্বামী দাবী করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি।
পাকিস্তানি দৈনিক ডেইলি টাইমস বলছে, আতিকুর রহমান নামের ঐ ব্যক্তির অভিযোগ, ২০১৩ সালে ক্যাপ্টেন নাভিদ পারভেজকে বিয়ে করার আগে তার সঙ্গে বিয়ে হয়েছিলো মিরার।
তিনি আরও অভিযোগ করেন, তার স্ত্রী থাকা অবস্থাতেই ক্যাপ্টেন নাভিদকে বিয়ে করেন মিরা।
এই মামলাকে কেন্দ্র করে বেশ কয়েকবার মিরাকে তলব করেছে আদালত, কিন্তু এখনও হাজিরা দেননি মিরা। এরপর শুক্রবার ১২ জুন মিরার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৭ জুলাইয়ের অধিবেশনে তাকে হাজির থাকতে বলা হয়েছে।
অবশ্য এখন পর্যন্ত কোন নোটিশ পাননি বলে দাবী করেছেন মিরা।
তিনি বলেন, "আদালত থেকে যদি এমন কোনো নোটিশ দেয়াও হয়, তা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি। এমনকি আমার আইনজীবীও এ সম্পর্কে কিছু জানেন না।"
আতিকুরের ব্যাপারে মিরার দাবী, এমন কাউকে চেনেন না তিনি।
"আমি তাকে চিনি না। তিনি একজন প্রতারক ছাড়া আর কিছু নন। গত পাঁচ বছর ধরে এই লোক আমাকে হুমকি দিয়ে আসছেন। আমার ধারণা এভাবে তিনি খ্যাতি পাওয়ার চেষ্টা করছেন।"
পাকিস্তানি এই অভিনেত্রী ভারতীয় সিনেমাতেও কাজ করেছেন। ২০০৫ সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি সিনেমা 'নজর'। এতে এক চুমু খাওয়ার দৃশ্যে অভিনয় করে নিজ দেশ পাকিস্তানে ব্যাপক বিতর্কিত হন মিরা।
