‘মাঝ রাতে চাঁদ’-এর গল্প
‘অবসকিওর’ ব্যান্ডটির নাম বললেই অনেকের কানে বেজে ওঠে ‘মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়’ গানটি। এবার 'মাঝ রাতে চাঁদ' নামেই আসছে ব্যান্ডটির দশম স্টুডিও অ্যালবাম।
ঈদ-উল-ফিতরে প্রকাশিত হতে যাওয়া অ্যালবামটিতে থাকবে প্রায় ৩ দশক আগে প্রকাশিত মূল গানটির সিকুয়াল।
অবসকিওরের গান চর্চা ও তৈরির কারখানা ড্রিম ডেস্কে বুধবার সন্ধ্যায় গ্লিটজের সঙ্গে কথা হলো ব্যান্ড সদস্যদের। ব্যান্ডটির উদ্যোক্তা ও দলপতি সাইদ হাসান টিপু বলেন, “প্রথম অ্যালবামের জন্য আমাদের হাতে ছিল ৩৬টির মতো গান। যার মধ্যে একটি, ‘মাঝ রাতে চাঁদ’। গানটি লিখেছিল অকাল প্রয়াত এহসান, তাকে ওই নামেই চিনতাম আমরা। তার লেখা গান কম হলেও প্রত্যেকটাই এরকম চমৎকার, সমৃদ্ধ। গানটি অবসকিওরের জন্য চিরতারুণ্যের প্রতীক হয়ে গেছে, পরিচয়ও বলা যায়। গানটির সিকুয়াল তৈরির চিন্তা অনেকদিন ধরেই ঘুরছিল মাথায়। সেই চিন্তা থেকে একদিন হঠাৎ লিখে ফেললাম, সুরও করলাম হঠাৎ করেই।”
টিপু যোগ করলেন, “স্টুডিওর কাজ শেষে সবার এতো ভালো লেগেছে, যে এটাকেই অ্যালবামের টাইটেল করার চিন্তা করে ফেললাম।” অবসকিওর ব্যান্ডটির যাত্রা শুরু ১৯৮৫ সালে, পরের বছর তারা সেল্ফ টাইটেল্ড অ্যালবাম বের করে। যে অ্যালবামের গান ‘মাঝ রাতে চাঁদ’ আজও শ্রোতাদের মনে আগের মতোই আবেদন তৈরি করে।
গানটির স্রষ্টা এহসান তরুণ বয়সেই মারা যান। টিপু মূলত খুলনা শহরের এমন কয়েক জনকে নিয়েই ব্যান্ডটি শুরু করেন।
১৯৮৬ সালে প্রথম এবং দুই বছর পরে দ্বিতীয় অ্যালবাম প্রকাশের মাধ্যমে ব্যান্ডটি নিজেদের অবস্থান শক্ত করতে সফল হলেও তাদের রাস্তা কখনোই মসৃণ ছিল না। যার অন্যতম কারণ সদস্যদের যাওয়া-আসা। ১৯৮৮ সালের পরে প্রায় দশ বছর কোনো গান করেননি তারা।
তবে নতুন সদস্যদের নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে ব্যান্ডটি। এখন তাদের ইচ্ছা প্রতি বছর একটি অ্যালবাম। তাই এখন আর কারও জন্যে অপেক্ষা না, “কেউ না থাকলে তার বদলি আসবে কিন্তু ব্যান্ড থেমে থাকবে না।”
নতুন সদস্য রুবায়াতের প্রসংশায় পঞ্চমুখ টিপু জানালেন, তাদের পরিচয় ১৯৯১ সালে হলেও এ পর্যন্ত কোনো রকমের যোগাযোগই ছিল না। হঠাৎ করেই একদিন দেখা হয় বাপ্পা মজুমদারের স্টুডিওতে। সেখানে অবশ্য এ বিষয়ে কথা হয়নি।
নতুন অ্যালবামের কাজ শেষ। এখন ঈদের জন্য টানা এই প্রস্তুতি পর্ব চলবে। টিপু জানালেন, খুলনার তিন পুরনো ব্যান্ড অবসকিওর, অরবিট এবং ডিফরেন্ট টাচকে নিয়ে বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা আছে। নিজেদের একক শো করারও পরিকল্পনা রয়েছে।
এবারের অ্যালবাম দশটি গান নিয়ে। যার মধ্যে একটির কথা লিখেছেন ব্লগার, অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিত লেখক ও সাংবাদিক অমি রহমান পিয়াল। তার গানটির শিরোনাম ‘পিতা’, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে লেখা গানটি। মোস্তফা মাহমুদের দুটি গানের একটি শাওন মাহমুদের সঙ্গে ভাগাভাগি করে লেখা। ছটি গানের কথা অমিত গোস্বামীর, যিনি কলকাতার কবি। তার লেখা ‘দেশ ছাড় রাজাকার’ ও ‘তিস্তা’ গান দুটি ইতোমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
টিপু বলছেন, “সবমিলিয়ে অবসকিওরের প্রথম দিককার অ্যালবামের ফ্লেভার পাবেন শ্রোতারা।" তার সঙ্গে যোগ করলেন, “এবারে মধু আছে গানে, সোজা হিসেব… প্রত্যেকটা গান খুব আরাম লাগবে শুনতে।”
