২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাকুলাখ্যাত অভিনেতা ক্রিস্টোফার লি নেই

চলে গেলেন অভিনেতা ক্রিস্টোফার লি, যিনি চলচ্চিত্রে ড্রাকুলা চরিত্র রূপায়নের জন্য সারাবিশ্বে পরিচিত ছিলেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Jun 2015, 08:53 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

ব্রিটিশ এই অভিনেতা ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্য, স্টার ওয়ারস সিরিজের কাউন্ট ডকু এবং লর্ড অফ দ্য রিং সিরিজের সারুয়ান চরিত্রে অভিনয়ের জন্যও খ্যাতিমান।

৯৩ বছর বয়সী ক্রিস্টোফার লি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যান বলে বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। তিনি কিছু দিন ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ছিলেন।

Image
স্ত্রীর সঙ্গে ক্রিস্টোফার লি

স্ত্রীর সঙ্গে ক্রিস্টোফার লি

তবে এই মৃত্যুর বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি ক্রিস্টোফার লির পরিবার।

গত শতকের ৫০ থেকে ৭০ দশকের মধ্যে কাউন্ট ড্রাকুলা, ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্য এবং যুক্তরাজ্যের ভৌতিক সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান হ্যামার হরর কোম্পানির জন্য মমির চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেন।

গমগমে, অথচ শ্রুতিমধুর স্বর এবং ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার সুঠাম দেহের অধিকারী এই তারকা ছিলেন নির্বাক চলচ্চিত্র যুগে অভিনয় করে আসা সর্বশেষ অভিনেতা। নির্বাক যুগে হ্যামার কোম্পানির জন্য অভিনয় করা তার সতীর্থদের মধ্যে রয়েছেন বেলা লুগোসি, বরিস কার্লফ, ভিনসেন্ট প্রাইস ও পিটার কাশিং।

জীবনের শেষ পর্যায়ে এসেও পৃথিবীর শীর্ষস্থানীয় চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

পাঁচটি সিনেমায় ভয়ঙ্কর অপরাধী ফু মাঞ্চু, ১৯৭৪ সালে জেমস বন্ড সিরিজের ‘দি ম্যান উইথ দি গোল্ডেন গান’, এমনকি কয়েকটি সিনেমায় বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের চরিত্রেও অভিনয় করেন তিনি।

সাম্প্রতিক সময়ের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল কয়েকটি সিনেমায় খল চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদেরও মন জয় করে নেন তিনি।

Image
ড্রাকুলা চরিত্রে ক্রিস্টোফার লি

ড্রাকুলা চরিত্রে ক্রিস্টোফার লি

২০০২ সালে ‘স্টার ওয়ার্স: এপিসোড টু - অ্যাটাক অব দি ক্লোনস’ এবং ২০০৫ সালে ‘স্টার ওয়ার্স: এপিসোড থ্রি – রিভেঞ্জ অব দি সিথ’ সিনেমায় খলচরিত্র কাউন্ট ডকুর চরিত্র রূপায়ন করেন তিনি।

এরপর ২০০১, ২০০২ ও ২০০৩ সালে পিটার জ্যাকসনের বিখ্যাত ‘দি লর্ড অব দি রিং’ ট্রিলজির ক্ষমতালোভী জাদুকর সারুয়ানের চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১২ ও ২০১৪ সালে ‘হবিট’ সিরিজের দুটি সিনেমাতেও একই চরিত্রে রূপায়ন করেন তিনি।

২০১১ সালে মার্টিন স্করসিসের ‘হুগো’ এবং ২০১২ সালে টিম বার্টনের কমেডি সিনেমা ‘ডার্ক শ্যাডোজ’য়েও অভিনয় করেন তিনি। ডার্ক শ্যাডোজে তার সহ অভিনেতা ছিলেন জনি ডেপ।

১৯২২ সালের ২২ মে জন্মগ্রহণ করেন ক্রিস্টোফার ফ্র্যাঙ্ক কারার্ডিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের রয়াল এয়ার ফোর্সের হয়ে কাজ করা ক্রিস্টোফার এক ভাইয়ের পরামর্শে অভিনয়কে পেশা হিসেবে নেন।

১৯৪৭ সালে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। পুরো অভিনয় জীবনে দুইশ’র বেশি সিনেমায় অভিনয় করেন তিনি।

Image
ক্রিস্টোফার লি

ক্রিস্টোফার লি

অনেক খল চরিত্রে অভিনয় করলেও ‘ড্রাকুলা’ চরিত্রের সঙ্গেই ক্রিস্টোফারের নামটি উচ্চারিত হয় সবচেয়ে বেশি। তার আগে এ চরিত্রটি করতেন লুগোসি। ক্রিস্টোফার এ চরিত্রটিকে আরও দানবীয়, আরও ভয়ঙ্কর করে ফুটিয়ে তোলেন।

এ চরিত্রে তিনি অভিনয় করেন ‘ড্রাকুলা’ (১৯৫৮), ‘ড্রাকুলা: প্রিন্স অব ডার্কনেস’ (১৯৬৬), ‘ড্রাকুলা হ্যাজ রিজেন ফ্রম দি গ্রেভ’ (১৯৬৮), ‘কাউন্ট ড্রাকুলা’ (১৯৭০), ‘টেস্ট দি ব্লাড অব ড্রাকুলা’ (১৯৭০), ‘স্কারস অব ড্রাকুলা’ (১৯৭০), ‘ড্রাকুলা এ.ডি. ১৯৭২’ (১৯৭২), ‘দি স্যাটানিক রাইটস অব ড্রাকুলা’ (১৯৭৩) ও ‘ড্রাকুলা অ্যান্ড সান’ (১৯৭৬) সিনেমায়।

এসব খল চরিত্রগুলোতে এক ধরনের করুণার ভাব ফুটিয়ে তুলতেন লি, যাকে তিনি নিজে বলতেন ‘শয়তানের একাকিত্ব’। ‘শয়তানে’র চরিত্রগুলোর দক্ষ অভিনেতা হলেও নিজে মোটেও পছন্দ করতেন না শব্দটিকে।

২০০২ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার বলেন, “শব্দটি এক ধরনের বিবমিষার ভাব তৈরি করে। আমি ফ্যান্টাসি শব্দটি বেশি পছন্দ করি।”