২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারাদের ঝরে পড়া: আলোর নিচের আঁধার

খ্যাতির আলোয় উদ্ভাসিত বিনোদন জগতের বাসিন্দাদের জীবনের অন্ধকার দিকটি সাম্প্রতিক সময়ে বার বার উঠে আসছে। চলতি বছর অকাল মৃত্যুর পথে হেঁটে শিরোনাম হয়েছেন বেশ কয়েক জন ভারতীয় অভিনয়শিল্পী ও গায়ক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 01:33 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

৯ জুন মঙ্গলবার পাঞ্জাবের ভাটিন্ডা শহরে নিজের বাসভবনে আত্মহত্যা করেন গায়ক ধারামপ্রিত। এনডিটিভি বলছে, অম্রিতসরে এক কনসার্ট শেষে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেন তিনি।

ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে ক্যারিয়ারে সাফল্য না পাওয়ার কারণে হতাশ হয়ে পড়েছিলেন পাঞ্জাবী এই গায়ক। পাঞ্জাবী শোকবহুল গান গাওয়ার জন্য সুপরিচিত ছিলেন ধারামপ্রিত। তার সর্বশেষ অ্যালবাম বের হয় ২০১০ সালে।

ধারামপ্রিতের মৃত্যুর কিছুদিন আগেই মারা যান তেলেগু চলচ্চিত্রের অভিনেত্রী আরতি আগারওয়াল। তার মৃত্যু যদিও আত্মহত্যা ছিল না। কিন্তু ওজন কমাতে লাইপোসাকশন করিয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের এক মাসের মধ্যেই মারা গেলেন তিনি। ক্যারিয়ার নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন এই অভিনেত্রী।

২০০০ সালের পর কয়েক বছরে তেলেগু সিনেমায় খ্যাতি পান আরতি। ২০০৯ সালের পর তার ক্যারিয়ারে ভাটা পড়ে। দীর্ঘ বিরতি শেষে চলতি বছর মুক্তি পায় তার নতুন সিনেমা, তবে সিনেমাটি মুক্তির ঠিক একদিন আগেই মারা যান আরতি।  

সাম্প্রতিক সময়ে আত্মহত্যা করেছেন এক বাঙালি অভিনেত্রী। চলতি বছর এপ্রিলে টিভি অভিনেত্রী দিশা গাঙ্গুলিকে কলকাতায় নিজের ফ্ল্যাটে থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। আত্মহননের কারণ যদিও এখনও নিশ্চিত নয়।

দিশা মারা যাওয়ার এক মাসের মাথায় নিজের গলায় ছুরির পোঁচ দিয়ে আত্মহত্যা করেন 'বি এ পাস' সিনেমার অভিনেত্রী শিখা জোশি। বয়স চল্লিশের কোঠায় পৌঁছে গেলেও ক্যারিয়ারে সুবিধা করে উঠতে পারেননি শিখা। আর এ নিয়ে অনেক দিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি।