'সব নারীর স্তন আছে'
অনলাইনে যৌন হয়রানির তুখোড় জবাব দিলেন 'ফুখরে' খ্যাত অভিনেত্রী বিশাখা সিং।
সম্প্রতি নিজের ফেইসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছিলেন বিশাখা। আর সেখানে তার প্রতি অশ্লীল মন্তব্য ছুঁড়ে দেন এক ফেইসবুক ব্যবহারকারী।
স্তন নিয়ে মন্তব্য করার পর সেই ব্যক্তিকে পাল্টা জবাব দেন বিশাখা। মন্তব্যকারীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “জনাব মো. মুস্তাকিম সাইফি, সবচেয়ে প্রথমে আপনার প্রোফাইল পিকচার হিসেবে যে নিষ্পাপ শিশুর ছবি রয়েছে, সেটি সরিয়ে ফেলুন। নিজের আসল চেহারা দেখানোর সাহস করুন, আর তারপরই এ ধরনের মন্তব্য করুন।”
বিশাখা আরও লেখেন, “আমি জানি আমি একজন নারী...আর আপনার অবগতির জন্য বলছি, সব নারীর স্তন আছে। আপনার মা, বোন, স্ত্রী, নানী-দাদী এবং কন্যারও। আপনি কি তাদের সবার স্তন নিয়ে এমন মন্তব্য করেন?”
কিন্তু বিশাখার এই পাল্টা জবাব বুঝতে পারেননি অনেকেই। বরং তার মন্তব্যের সমালোচনা করে মন্তব্য করেন আরও দুজন। এরপর ঐ দুজনের মন্তব্যেরও জবাব দেন বিশাখা।
ওদিকে বিশাখার সেই ছবি এবং মন্তব্য ভাইরাল হয়ে যায় অনলাইনে। শেষমেশ ছবিসহ পুরো পোস্টটি মুছে ফেলেন 'ফুখরে' খ্যাত অভিনেত্রী। তিনি বলেন, ভয় পেয়ে নয় বরং অনাকাঙিক্ষত নেতিবাচক মনোভাব এড়াতেই এ কাজটি করেছেন তিনি।
