'বিশেষ উদ্দেশ্য নিয়ে অভিনয় নয়'
বয়স সত্তরের কোঠা ছাড়ালেও অভিনয়ের প্রতি টান এখনও এতটুকু কমেনি এই অভিনেত্রীর। সুযোগ ও শারীরিক সামর্থ্য হলেই ছোট পর্দা আর মঞ্চে নিজের উপস্থিতির জানান দিচ্ছেন ফেরদৌসী মজুমদার। বলছেন, আমৃত্যু মঞ্চে অন্তত অভিনয় চালিয়ে যাবেন।
মোহাম্মদ কামরুল ইসলাম রচিত ও শিমুল সরকার পরিচালিত ‘মাকে আমার পড়ে না মনে’ নাটকের সেটে গ্লিটজের সঙ্গে আলাপে ফেরদৌসী মজুমদার বলছেন, “এখন শিল্পীদের অনেকে খুব ভালো করছে। এদের কেউ আবার হুট করে তারকা হয়ে যাচ্ছে। তাদের নিয়ে সবাই বেশ মাতামাতি করছে। সবার প্রতিই আমার অনুরোধ থাকবে, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে অভিনয় করতে এসো না। আগে অভিনয়কে খুব ভালোবাসো। তবেই খুব ভালো অভিনেতা অভিনেত্রী হতে পারবে।”
অনুজ অভিনেতা-অভিনেত্রীদের প্রতি তার অনুরোধ, “সংবাদমাধ্যমে আলোচনা বা সমালোচনায় বিচলিত হয়ো না। আমার ক্যারিয়ারে আমার অভিনয়, ব্যক্তিজীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। কোনো কোনো পত্রিকা আমাকে নিয়ে খুব ভাল কথা লিখেছে, কেউ ভীষণভাবে সমালোচনা করেছে। কিন্তু আমি তাতে মোটেই বিচলিত হইনি। নিজের কাজে মন দাও।”
টিভি নাটকের সামগ্রিক অবস্থা নিয়ে অনেকের মতো তারও অভিযোগ, বিজ্ঞাপনের আধিক্যে নাটক দেখার সুযোগ খুব কমই পাচ্ছেন দর্শকরা। নাটকগুলোর চিত্রনাট্যও ‘ঠিকঠাক’ হচ্ছে না বলে মনে করছেন তিনি। তবে নবীন পরিচালকদের কাজে তিনি ‘রীতিমতো মুগ্ধ’।
আরও বললেন, নাটকে ভাষা ‘বিকৃতি’ হচ্ছে।
“আজকাল প্রায় টিভি নাটকেই দেখি, ভাষার বিকৃতি হচ্ছে। নাটকগুলো যদি কোনো আঞ্চলিক ভাষায় নির্মিত হতো, তাহলে ঠিক ছিলো। নাটকের একটি সাহিত্যিক দিক আছে। এমন বিকৃতির ফলে তা নষ্ট হচ্ছে। আমাদের সময় আমরা ভাষা নিয়ে খুব সচেতন ছিলাম। প্রমিত ভাষার চর্চা করতাম, ভাষার মাধুর্য ছিল। এখন যা হচ্ছে, এটা আসলে মেনে নিতে পারি না।”
ঈদু-উল-ফিতর উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘মাকে আমার পড়ে না মনে’ নাটকের কেন্দ্রীয় চরিত্র রূপদান করছেন ফেরদৌসী মজুমদার। এক অসহায় মায়ের জীবনচিত্র নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
নাটকটি নিয়ে ফেরদৌসী মজুমদার গ্লিটজকে বলছেন, “নির্মাতা শিমুল সরকার এ নাটকের মা শাপলা চরিত্রটির জন্য আমাকে অফার করে। চিত্রনাট্যটি আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। সংলাপে, নাটকীয়তায়, ভাষা শৈলীতে অনেক দিন পরে দারুণ একটি গল্প পেয়ে শিমুলকে জানিয়ে দিই আমি তার নাটকে অভিনয় করছি।”
৭২ বছর বয়সী এই কিংবদন্তী অভিনেত্রী বড় ভাই শহীদ বুদ্ধিজীবি মুনীর চৌধুরীর ‘ডাক্তার আবদুল্লাহর কারখানা’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। ১৯৬৫ সালে বিটিভির প্রথম নাটক ‘একতলা দোতলা’তেও অভিনয় করেন।
১৯৭২ সালে থিয়েটার নাট্যদলে যোগ দেন তিনি। অভিনয় করেন ‘কোকিলারা’, ‘এখনো ক্রীতদাস’, ‘বরফ গলা নদী’, ‘জীবিত ও মৃত’, ‘সংশপ্তক’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘শঙ্খনীল কারাগার’সহ আরও অনেক নাটকে।
‘মায়ের অধিকার’ ও ‘দমকা’ নামে দুটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
ছবি- ইমতিয়াজ হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
