সোনামের আত্মীয় রানভির?
বলিউডের ফ্যাশন আইকন হিসেবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার। সেই সোনাম কাপুর ৯ জুন ত্রিশে পা দিয়েছেন। জন্মদিনে তার সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক।
রানভির সিংয়ের বোন
চাচাতো ভাই অর্জুন কাপুরকে নিয়ে বরাবরই খুব গর্বিত সোনাম কাপুর আর সে কথা জাহির করতেও ছাড়েন না কখনও। তবে অনেকেই জানেন না অভিনেতা রানভির সিংও তার জ্ঞাতি ভাই। মায়ের তরফ থেকে রানভিরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সোনামের।
বেয়ারা সোনাম
বলিউড তারকা অনিল কাপুরের আদরের মেয়ে তিনি। কিন্তু ছাত্রজীবনে নিজের হাত খরচ চালানোর জন্য রেস্তোরাঁয় বেয়ারার কাজও করেছেন আজকের এই প্রতিষ্ঠিত অভিনেত্রী।
ওজনের কারণে সম্পর্কচ্ছেদ
নায়িকা হবার আগে দীর্ঘ সময় স্থূলকায় ছিলেন সোনাম। আর এই বিষয়টি পছন্দ হয়নি তার সে সময়ের প্রেমিকের। সোনাম জানান, তার ওজন নিয়ে মন্তব্য করায় শেষমেশ প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙ্গেন তিনি।
অভিনেতা বর নয়
নিজের পেশা অভিনয় হলেও কোন অভিনেতাকে বিয়ে করতে চান না সোনাম। জানান, তার বর হতে পারেন যে কোনো পেশার, তবে অভিনেতা নন।
দেড় বছরের চেষ্টা
মাত্র ১৭ বছর বয়সে সোনামকে প্রথমবারের মতো নায়িকা হবার প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা সঞ্জয় লিলা বানসালি। সেই ‘সাওয়ারিয়া' সিনেমার মাধ্যমেই অভিষেক ঘটে সোনামের। তবে তাকে রাজি করাতে বানসালির সময় লেগেছে পুরো দেড় বছর।
ভাই হোক এমনই
স্কুলে পড়ার সময় থেকেই নিজের ভাইদের কথা বলে ছেলেদের ভয় দেখাতেন সোনাম। তার চাচাতো ভাই অর্জুন কাপুর জানান, ছোট বেলায় সোনাম এক ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন তার কাছে। বোনের প্রতি দায়িত্বের খাতিরে ছেলেটির সঙ্গে লড়াই করতে যান তিনি, কিন্তু শেষমেশ নিজেই মার খেয়ে আসেন!
