বক্স-অফিসে ‘দিল ধাড়াকনে দো’র দাপট
যোয়া আখতারের নতুন সিনেমা ‘দিল ধাড়াকনে দো’ মুক্তি পেয়েই চুটিয়ে ব্যবসা করছে। সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি তিন দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে ৩৭ কোটি ৫ লাখ রুপি।
শুক্রবারে মুক্তি পেয়েই সিনেমাটি এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে। শুক্রবার ১০ কোটি ৫৩ লাখ রুপি আয়ের পর শনিবার ১২ কোটি ২৭ লাখ রুপি এবং রবিবার ১৪ কোটি ২৫ লাখ রুপি আয় করে সিনেমাটি।
প্রিয়াঙ্কা চোপড়া, রানভির সিং, আনুশকা শর্মা, ফারহান আখতার এবং অনিল কাপুর অভিনীত সিনেমাটি গল্প বলে এক পাঞ্জাবী পরিবারের যারা এক জাহাজ ভ্রমণের মধ্য দিয়ে সম্পর্কের সমীকরণ মেলানোর চেষ্টা করে। সিনেমাটিতে মেহরা পরিবারের কুকুর প্লুটোর কণ্ঠদান করেছেন আমির খান।
‘দিল ধাড়াকনে দো’র ব্যবসার মধ্যেও দাপট ধরে রেখেছে কাঙ্গানা রানাওয়াত অভিনীত ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। মুক্তির তৃতীয় সপ্তাহে সাড়ে ১২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে সিনেমাটির আয় এখন ভারতে ১২৯ কোটি রুপি।
রানবির কাপুরের ‘বম্বে ভেলভেট’ ছাড়া, গত দেড় মাসে মুক্তি পাওয়া তিন সিনেমা ‘পিকু’, ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ এবং ‘দিল ধাড়াকনে দো’র সাফল্য প্রমাণ করে দর্শকরা এখন ভাল গল্পের সিনমার দিকেই বেশি ঝুঁকছে।
‘দিল ধাড়াকনে দো’ অবশ্য আসছে শুক্রবারেই প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে এমরান হাশমি এবং বিদ্যা বালান অভিনীত ‘হামারি আধুরি কাহানি’রে মুক্তিতে । ১৯ জুন শ্রদ্ধা কাপুর এবং ভারুন ধাওয়ান অভিনীত ‘এবিসিডিটু’ মুক্তি পেলে লড়াই আরও জমবে বলেই মনে করছেন অনেকে।
