২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট পর্দার সুপারহিরো মেরি কম

ভারতের অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কমকে নিয়ে সিনেমার পর এবার হতে যাচ্ছে অ্যানিমেটেড সিরিজ। ভারতের প্রথম নারী সুপারহিরো চরিত্র হিসেবে তাকে দেখা যাবে ‘মেরি কম জুনিয়র’-এ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 04:19 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

পুনে ভিত্তিক স্টুডিও স্ক্রিনইয়ুগ ক্রিয়েশন্স ভারতের প্রথম নারী সুপার হিরো অ্যানিমেটেড সিরিজ তৈরির কাজে হাত দিয়েছে।  এ বিষয়ে এর মধ্যেই মেরি কমের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও করছেন তারা।

আন্তর্জাতিক বক্সিং জগতে নিজের যোগ্যতায় উঠে আসা ভারতীয় এই ক্রীড়াবিদের জীবনী অনুপ্রেরণা জুগিয়েছে অনেককেই। এবার সেই গল্প থৈকেই তৈরি হচ্ছে অ্যানিমেটেড সিরিজটি। মেরি কম মনে করেন, এই সিরিজের মাধ্যমে মেয়েদেরকে তাদের স্বপ্নপূরণে উদ্বুদ্ধ করবেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, “আমার মনে হয়, সময় এসেছে কন্যাশিশুদের প্রতি বেশি মনোযোগ দেওয়ার। আমি চাই মেয়েরা আত্মবিশ্বাসী এবং শক্ত হোক।”

অ্যানিমেশন সিরিজটিতে তুলে ধরা হবে আত্মরক্ষার কৌশলও। মেরি কম মনে করেন, এ বিষয়ে সচেতনতা আরও বাড়ানো উচিৎ।

“অভিভাবকেরা সাধারণত মেয়েদের জন্য মারামারির খেলায় বেশি আগ্রহী হন না। কিন্তু যেভাবে অপরাধ বাড়ছে, সবারই এখন চোখ খুলে গেছে এবং এটা (আত্মরক্ষার কৌশল) সাহায্য করবে।”

‘মেরি কম জুনিয়র’-এর প্রযোজনা করছেন আশীষ এস কুলকার্নি। পরিচালনা করবেন ভিক্রাম ভেতুরি। এর ধারণা এবং গল্প তৈরি করেছেন সুদীপ ব্যানার্জী এবং আদিত্য বক্সি।

কুলকার্নি জানান, যদিও মেরি কমকে ঘিরে মণিপুরের ঘটনাই সিরিজে প্রাধাণ্য দওয়া হয়েছে বেশি, বেশ কিছু বৈশ্বিক চরিত্রও যোগ করা হয়েছে গল্পের খাতিরে।

“এটা সত্যি যে আমরা ভারতের প্রথম নারী সুপারহিরোর অ্যানিমেটেড সিরিজ তৈরি করতে যাচ্ছি এবং এটা তৈরি হবে আমাদের সুপার ক্রীড়া তারকা মেরি কমের উপর ভিত্তি করে। মেরি কমের স্কুলের সময়টাকে ধরার জন্য আমরা মণিপুরের গল্পকে বেশি প্রধান্য দিলেও বৈশ্বিক দর্শকদের কথা মাথায় রেখে নিরপেক্ষ অনেক চরিত্রও যোগ করা হবে।”