আইফা আসরও মাত করলো 'কুইন'
১৬ তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর মাত করেছে কাঙ্গানা রানাওয়াত অভিনীত ‘কুইন’। ভিকাস বেহেল পরিচালিত সিনেমাটি ‘পিকে’, ‘হায়দার’, ‘হাইওয়ে’ এবং ‘মেরি কম’ এর মতো সিনেমাকে পেছনে ফেলে জিতে নিয়েছে সেরা সিনেমা, সেরা গল্প এবং সেরা অভিনেত্রীর পুরস্কার ।
‘পিকে’র নির্মাতা রাজকুমার হিরানি নির্বাচিত হয়েছেন সেরা পরিচালক হিসেবে। অন্যদিকে ‘হায়দার’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহিদ কাপুর। ‘হায়দার’-এর জন্য খলচরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কে কে মেনন এবং পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন টাবু।
পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রিতেশ দেশমুখ, ‘এক ভিলেইন’ সিনেমাটির জন্য। তার অভিনীত এবং তার স্ত্রী জেনেলিয়া ডি’সুজা প্রযোজিত মারাঠি সিনেমা ‘লাই ভারি‘ অর্জন করে নিয়েছে সেরা আঞ্চলিক ভাষার সিনেমার খেতাব।
‘হিরোপান্তি’ সিনেমার জন্য সেরা নবাগত এবং নবাগতার পুরস্কার অর্জন করেছেন কৃতি শ্যানন এবং টাইগার শ্রফ। ‘ম্যায় তেরা হিরো’ সিনেমার জন্য হাস্যরসাত্মক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন ভারুন ধাওয়ান।
‘টু স্টেটস’ সিনেমার জন্য সেরা সংগীত পরিচালনার পুরস্কার জিতেছেন শঙ্কর-এহসান-লয়। ‘এক ভিলেইন’ সিনেমার গান ‘গালিয়া’র জন্য সেরা গায়ক নির্বাচিত হয়েছেন আঙ্কিত তিওয়ারি। আর ‘বেবি ডল’ গানটির জন্য সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন কানিকা কাপুর।
‘মেরি কম’ সিনেমার জন্য সেরা নবাগত নির্মাতার পুরস্কার অর্জন করেছেন উমাঙ কুমার।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত এবারের আইফা আসরের সঞ্চালকের ভূমিকায় ছিলেন রানভির সিং এবং অর্জুন কাপুর। অনুষ্ঠানে পারফর্ম করেছেন হৃতিক রোশান, দিপিকা পাড়ুকোনের মতো তারকারা।
