'চুমুর আবেদন হারিয়ে গেছে'
হিন্দি সিনেমার ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত এমরান হাশমি বললেন, চুমুর দৃশ্য আবেদন হারিয়ে ফেলেছে। কারণ এখনকার প্রায় সব সিনেমাতেই চুমুর দৃশ্য থাকে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এ ব্যাপারে তিনি বলেন, “এটা (চুমুর দৃশ্য) অনেক আগেই এর আবেদন হারিয়ে ফেলেছে। আমি যখন অভিনয় শুরু করেছিলাম, আমি মানুষকে চমকে দেওয়ার জন্য এটা না করলেও, সেটা ঘটেছিল। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তা করতাম না, কিন্তু আমার আশপাশের মানুষেরা এটা নিয়ে অনেক রক্ষণশীল ছিল।”
৩৫ বছর বয়সী এই অভিনেতার নতুন সিনেমা ‘হামারি আধুরি কাহানি’ মুক্তি পাবে শিগগিরই। এমরান জানান, এখন থেকে এ ধরনের আবেগময় চরিত্রে আরও বেশি অভিনয় করতে চান তিনি।
“আমার কাছে যখন পরিণত সিনমার প্রস্তাব আসে, তখন আমি বাছাই করতে সমস্যায় পড়ে যাই। আমি আরও বেশি আবেগময় চরিত্রে অভিনয় করতে চাই। এই সিনেমার কিছু জিনিস আমাকে স্পর্শ করেছে। আমি এ ধরনের আরও সিনেমা চাই, যেগুলো এই ধরনৈর আবেগকে জাগিয়ে তুলবে। আমি মনে করি ‘হামারি আধুরি কাহানি’র পর বিনোদন জগৎ আমাকে নতুন আলোয় দেখতে পাবে।”
মোহিত সুরি পরিচালিত সিনেমাটিতে এমরানের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান এবং রাজকুমার রাও। সিনেমাটি মুক্তি পাবে ১২ জুন।
এমরান বলেন, ‘দ্য ডার্টি পিকচার’-এর পর বিদ্যা বালানের সঙ্গে এমরানের পর্দা রসায়ন উপভোগ করতে অনেকেই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
“এমন কি মিলান লুথারিয়া (দ্য ডার্টি পিকচার’-এর নির্মাতা) আমাকে বলেছেন, আমাদের পর্দা রসায়নে কিছু একটা আছে, আর তাই আমাদের গভীর প্রেমের সিনেমায় অভিনয় করা উচিৎ। তিনি নিজেই এরকম কোনো সিনেমায় আমাদের নিতে চাইছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।”
