'ক্যাট আমার সবচেয়ে বড় সমালোচক'
প্রেমিকা ক্যাটরিনা কাইফের ব্যাপারে রানবির কাপুরের অভিমত, প্রশংসার বদলে সমালোচনা করতেই বেশি পারদর্শী তিনি।
হাল আমলের সবচেয়ে জনপ্রিয় তারকা জুটি ক্যাট-রানবিরকে ব্যক্তিগত জীবনের ব্যাপারে গণমাধ্যমে মুখ খুলতে খুব কমই দেখা যায়। সম্প্রতি অ্যাবসোলিউট ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে রানবির ক্যাটকে নিয়ে অনেক কথাই বললেন।
রানবির জানান, একজন মানুষ হিসেবে তার ভালো গুণগুলো সব সময় বের করে আনার চেষ্টা করেন ক্যাট।
"যখন আপনি এমন কারও প্রেমে পড়েন যিনি সবসময়ই আপনার খেয়াল রাখেন, যিনি আপনার চেয়ে অনেক ভালো ব্যক্তিত্বের অধিকারী, এমন একজন মানুষের কাছ থেকে অনেক কিছুই শেখা যায়।"
প্রেমিকার এত প্রশংসা করলেও রানবির বললেন, তার প্রশংসা করার ব্যাপারে বরাবরই কৃপণতা দেখান ক্যাট। বরং রানবিরের সমালোচনা করতেই বেশি পারদর্শী তিনি।
"যদি আমার কোনো কাজ ক্যাটের ভাল না লাগে, তবে সেটা নিয়ে সমালোচনা করতে তিনি ছাড়েন না। যদি আমার কিছু তার ভাল লেগে যায়, তাহলে শোনা যায় কটাক্ষপূর্ণ কোনো মন্তব্য। প্রশংসা করার বেলায় একদমই আনাড়ি ক্যাট, তিনি সমালোচনা করতেই বেশি ভালবাসেন।"
পাঁচ বছর প্রেম করার পর সম্প্রতি এক ছাদের নিচে বসবাস শুরু করেছেন ক্যাট-রানবির জুটি। এই তারকা যুগলের বিয়ে নিয়ে প্রতিনিয়ত চলছে নানা জল্পনা-কল্পনা। তবে এখনও বিয়ের তারিখ ঠিক হয়নি।
অনুরাগ বসুর আগামী সিনেমা 'জাগগা জাসুস'-এ একসঙ্গে দেখা যাবে ক্যাট-রানবিরকে।
