২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ডলস হাউজ-টু'-শত পর্বে বন্ধুত্বের আখ্যান

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির পরিচালনায় ধারাবাহিক নাটক 'ডলস হাউজ –টু: সাতটি তারার তিমির' শততম পর্বে পা রাখতে যাচ্ছে। রোববার রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে এই ধারাবাহিকের শততম পর্ব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 03:34 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

এ সময়ের সাত তরুণীর যাপিত জীসনের গল্প নিয়ে নির্মিত হলেও এই ধারাবাহিক একই সঙ্গে বন্ধুত্বেরও কথাও বলছে।

পরিচালক মিমি বলছেন, “বন্ধুত্বের প্ল্যাটফর্মে তৈরি এই গল্পের ব্যাপ্তি বন্ধুত্বের টানাপড়েনকে ছাপিয়েও এগিয়ে চলেছে নানামুখী আনন্দ-বেদনা ও বন্ধুতার উপসর্গকে ঘিরে।”

'ডলস হাউস' নাটকটির প্রথম সিজন হেনরিক ইবসেনের একই নামের নাটক অবলম্বনে নির্মিত হয়। এতে নয় বন্ধুর ভুমিকায় অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, সাবেরী আলম, ত্রপা মজুমদার, মিতা চৌধুরী, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, ফারহানা মিঠু ও বিজরী বরকতউল্লাহ।

২০০৯ সালে প্রচার শেষ হওয়া ‘ডলস হাউস’-এর সহ-পরিচালক ছিলেন বদরুল আনাম সৌদ। এবারের ধারাবাহিকটিতে সহ-পরিচালকের ভূমিকায় আছেন রাকেশ বসু।

‘ডলস হাউজ- ২: সাতটি তারার তিমির’ নাটকের মূল গল্প এগিয়েছে সাত বান্ধবীকে ঘিরে।

এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ করে একদল বন্ধুর আবারও এক হওয়ার গল্প দিয়েই শুরু ‘সাতটি তারার তিমিরে’র আখ্যান।

মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী—সাত বন্ধু স্কুল জীবনের সোনালি দিনগুলো এক সঙ্গে কাটিয়েছে। স্কুলে ওদের ডাকা হতো ‘সেভেন সামুরাই’! মজা করে কেউ ডাকত ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলত ‘রংধনু’। ওরা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিল, ‘সপ্তর্ষী’। সপ্তর্ষীর সবাই এখন পরিণত। ওদের জীবনের সুখ-দুঃখ, পেশাদারিত্ব, ব্যস্ততা আর বন্ধুতা নিয়েই ডলস হাউস ২-এর পথচলা।

নাটকে স্থপতি শাগুফতা চরিত্রে মৌটুসী বিশ্বাস, বিজ্ঞাপনী সংস্থার সৃজনশীল পরিচালক জেবার ভূমিকায় সানজিদা প্রীতি, বিদ্যালয়ের শিক্ষিকা মৃত্তিকার চরিত্রে মৌসুমী হামিদ, নাট্যকর্মী নন্দিনীর ভূমিকায় মুমতাহিনা টয়া, টিভি সাংবাদিক রুমানা চরিত্রে স্বর্ণা, ব্যবসায়ী তমার ভূমিকায় শর্মিমালা আর গৃহিণী অপর্ণা চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ।

২০১৪ সালের ২৯শে নভেম্বর থেকে সপ্তাহে ৪ দিন, শনিবার থেকে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘সাতটি তারার তিমির’। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় এ পর্যন্ত অভিনয় করেছেন দিলারা জামান, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার, বন্যা মির্জা, আল মামুন, ফ্লোরা সরকার, মিরানা জামান প্রমুখ।

নাটকটি পরিচালনা করছেন আফসানা মিমি ও রাকেশ বসু। লিখছেন নজরুল ইসলাম।

শততম পর্বে দেখা যাবে, ইমতিয়াজ, খোকনকে ব্যবহার করে মৃত্তিকার খোঁজখবর নিতে চেষ্টা করে। ইমতিয়াজ সার্বক্ষণিক যোগাযোগের জন্য খোকনকে একটি মোবাইল সেট কিনে দেয়। অন্যদিকে মৃত্তিকার মন ভালো করে দেয় নন্দিনীর পরিবার। খোকন জানে না, মৃত্তিকা বাড়ি ছেড়ে নন্দিনীদের বাসায় আশ্রয় নিয়েছে। বাড়ি ফিরে মৃত্তিকাকে না পেয়ে সে আলোবুকে গালমন্দ করে।