রেখা গেলেন, এলেন টাবু
ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রয় কাপুর অভিনীত নতুন সিনেমা 'ফিতুর'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা। কিন্তু তার বদলে এখন নেওয়া হয়েছে টাবুকে।
অভিষেক কাপুর পরিচালিত সিনেমাটি নির্মিত হচ্ছে ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের উপন্যাস 'গ্রেট এক্সপেক্টেশন্স' অবলম্বনে। উপন্যাসের মিস হ্যাভিশাম চরিত্রটির আদলে সৃষ্ট চরিত্রে অভিনয় করছিলেন রেখা। নিজের চরিত্রের শুটিংও প্রায় শেষ করে এনেছিলেন তিনি। এমন সময় শোনা গেল তিনি আর সিনেমাটিতে কাজ করছেন না।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, সিনেমাটি থেকে রেখার নাম কাটিয়ে নেওয়ার কারণ এখনও জানান নি অভিষেক। তবে টাবুর অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, "'মকবুল', 'দ্য নেইমসেক', 'হায়দার'-এর মতো সিনেমায় টাবু দুর্দান্ত অভিনয় করেছেন। তিনি এমন একজন অভিনেত্রী যিনি সব সময় চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং আমি তাকে আমার সিনেমায় পেয়ে সম্মানিত বোধ করছি।"
শোনা যাচ্ছে, সিনেমায় তার চরিত্রটি যেভাবে দেখানো হয়েছে তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না রেখা। ৬০ বছর বয়সী এই অভিনেত্রী নির্মাতা কিছু দৃশ্য আবারও চিত্রায়নের কথা বলেন।
রোমান্টিক ড্রামা 'ফিতুর' মুক্তি পাবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।
