কারিনা নয় কাঙ্গানা
ভারতীয় অভিনেত্রী কারিনা কাপুর খানের সাবেক প্রেমিক শাহিদ কাপুর এবং স্বামী সাইফ আলি খানকে এবার রূপালী পর্দায় দেখা যাবে একই নারীর প্রণয়ী রূপে। তবে এই নারী কারিনা নন। ভিশাল ভারাদওয়াজের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় নায়িকা হবেন কাঙ্গানা রানাওয়াত।
চলতি বছর 'হায়দার' সিনেমার মাধ্যমে অ্যাওয়ার্ড আসরগুলো মাত করার পর এবার নিজের দুই প্রিয় অভিনেতাকে নিয়ে মাঠে নামছেন ভারাদওয়াজ। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে 'কুইন' কাঙ্গানাকেই নায়িকা হিসেবে নির্বাচিত করেছেন তার নতুন সিনেমা 'রেঙ্গুন'-এর জন্য।
২৭ মে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ খবর জানান ভারাদওয়াজের সহকারী পরিচালক জিলানি শাহরুখ। খবরটি নিশ্চিত করে ভারাদওয়াজ জানান, এটি হবে তার সবচেয়ে বড় বাজেটের ফিল্ম। আর এতে তিনি সবচেয়ে বেশি গান ব্যবহার করতে যাচ্ছেন।
এখানে উল্লেখ্য, নির্মাতা হিসেবে মাঠে নামার আগেই সংগীত পরিচালক হিসেবে হাত পাকানো ভারাদওয়াজ নিজের সিনেমার সংগীতায়োজন নিজেই করে থাকেন।
ভারাদওয়াজ আরও জানান, 'রেঙ্গুন' হতে যাচ্ছে একটি পিরিয়ড ড্রামা, যার কাহিনি গড়ে উঠবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে। ঐ সময় মায়ানমারে নেতা সুভাষ চন্দ্র বোসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যুদ্ধে জড়িয়ে পড়ে ব্রিটিশ সেনাবাহিনির সঙ্গে। আর ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছিল ভারতীয়রাই।
প্রথমে শোনা যাচ্ছিল, শাহিদ এবং সাইফের সঙ্গে এতে অভিনয় করতে পারেন কারিনা কাপুর খান, যিনি 'ওমকারা' সিনেমায় ভারাদওয়াজের সঙ্গে কাজ করেছেন।
এদিকে শাহিদ এবং সাইফের ক্যারিয়ারের সাফল্যের পেছনে এই নির্মাতার রয়েছে বিশেষ অবদান। ২০০৬ সালে মুক্তি পাওয়া 'ওমকারা'তে অভিনয় করেছিলেন সাইফ। আর 'হায়দার' ছাড়াও 'কামিনে'তে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন শাহিদ। কিন্তু এক সঙ্গে কোনো সিনেমায় কখনও দেখা যায়নি এই দুই অভিনেতাকে।
২০১৬ সালের গোড়ার দিকে শুরু হতে পারে রেঙ্গুনের কাজ।
