শাহরুখ, আমিরকে ধন্যবাদ জানালেন সালমান
বলিউডের তিন খানের বন্ধুত্ব এখন নজর কাড়ছে সবার। সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে একজন আরেক জনের চলচ্চিত্রের প্রচারেও যোগ দিচ্ছেন তারা।
সম্প্রতি সালমানের সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'-এর প্রথম ঝলক নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন শাহরুখ খান এবং আমির খান।
আর দুই বন্ধুকে ধন্যবাদ জানাতে ভোলেননি সালমান। তিনি টুইট করেন, "শাহরুখ এবং আমিরকে ধন্যবাদ জানাচ্ছি 'বাজরাঙ্গি ভাইজান'-এর প্রথম ঝলক প্রকাশ করার জন্য। খুবই খুশি এবং কৃতজ্ঞ আমি। দোয়া করি তাদের দুজনকে এবং তাদের সব ভক্তদের সৃষ্টিকর্তা ভালো রাখুক।"
সালমান, শাহরুখ এবং আমির - তিন খানের রাজত্ব বলিউডে চলছে প্রায় তিন দশক ধরে। শাহরুখের সঙ্গে 'কারান-অর্জুন' এবং আমিরের সঙ্গে 'আন্দাজ আপনা আপনা' সিনেমায় অভিনয় করেছিলেন সালমান।
'বাজরাঙ্গি ভাইজান' নির্মাণ করেছেন 'এক থা টাইগার' খ্যাত নির্মাতা কবির খান। এতে সালমানের সঙ্গে দেখা যাবে কারিনা কাপুর খানকে। সিনেমাটি মুক্তি পাবে জুলাইতে।
