২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে হবেন পুনাম পান্ডের নায়ক?

ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনাম পান্ডের আগামী সিনেমা ‘হেলেন’-এ তার বিপরীতে অভিনয়ের জন্য নায়ক খোঁজা  হচ্ছে। কে হবে পুনামের হিরো - নামে নতুন এক প্রতিযোগিতার আয়োজন করেছেন সিনেমাটির প্রযোজকরা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2015, 04:59 PM

Updated : 25 Apr 2022, 01:24 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খোলামেলা উপস্থিতির জন্য বরাবরই আলোচনায় থাকা অভিনেত্রী পুনাম ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘হেলেন’ তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে, যা নির্মাণ করছেন ‘নাশা’র চিত্রনাট্যকার আজিত রাজপাল। তবে পুনামের বিপরীতে অভিনয়ের জন্য এখনও চূড়ান্ত হয়নি কোনো নায়ক।

পুনামের নায়ক খুঁজতে তাই এ প্রতিযোগিতার আয়োজন করেছেন প্রযোজক সুরেশ নাকুম। ‘কৌন বানেগা পুনাম কা হিরো’ অর্থাৎ ‘কে হবেন পুনামের নায়ক’ নামের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত সাড়া দিয়েছেন পুনামের ২৫ হাজার ভক্ত।

এ বিষয়ে নাকুম বলেন, “আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এতটা আমরা কখনও আশা করিনি। এমনকি কোনো বলিউড ফিল্মের শুটিং শুরু হবার আগে দর্শকের এত আগ্রহ আমি কখনও দেখিনি। আমরা সবাই খুবই খুশি।”

এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পুনাম নিজে। ফেইসবুকে এক ভিডিওর মাধ্যমে ভক্তদের কাছে এ ঘোষণা দেন তিনি। এছাড়া টুইটার এবং ফেইসবুকে লাইভ চ্যাটের ব্যবস্থাও করেন পুনাম।

এরপর জমা পড়েছে ২৫ হাজার ভিডিও। দুই মিনিটের এই ভিডিওতে নিজেদের পছন্দ অনুযায়ী কোনো সিনেমার দৃশ্যে অভিনয় করে দেখাতে হয়েছে আগ্রহী প্রতিযোগীকে।

শুরুতে ধারণা করা হয়েছিল ‘হেলেন’ হতে যাচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী হেলেনের আত্মজীবনীমূলক সিনেমা। কিন্তু এ খবর অস্বীকার করেন পুনাম, জানান এটি কারও বায়োপিক নয়।

খুব শিগগিরই শুরু হবে ‘হেলেন’-এর শুটিং।