'ফর্সা একটা অবমাননাকর শব্দ'
ফর্সা শব্দটিকে একটি অবমাননাকর শব্দ উল্লেখ করে, রঙ ফর্সাকারী প্রসাধনীগুলোকে নিষিদ্ধ করা উচিৎ বলে মন্তব্য করলেন ভারতীয় অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াত।
সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাঙ্গানা বলেন, "আপনি ফ্যাকাশে, আপনি শ্যামলা, আপনি তামাটে অথবা আপনি কালো। ফর্সা বলে কিছু নেই। কাজেই এই অবমাননাকর শব্দটি ব্যবহার করা বন্ধ করুন এবং আমার মনে হয় সরকারের উচিৎ এ ধরনের প্রসাধনীগুলো নিষিদ্ধ করা। আর আমি নিজেই এরকম অনেক পণ্যকে না বলেছি এবং এ কারণেই আপনারা আমাকে খুব কম পণ্যের প্রচার চালাতে দেখেন।"
তিনি আরও বলেন, "আমি মনে করি এই ধরনের জিনিসগুলো আমাদের যুবা, নারী ও পুরুষদের মধ্যে হীনমন্যতা ঢুকিয়ে দিচ্ছে এবং এটা বোকামি।"
'তানু ওয়েডস মানু রিটার্নস'-এর সাফল্যে ভাসতে থাকা এই অভিনেত্রী আরও জানান, তার প্রতিষ্ঠা পেতে ১০ বছর লেগেছে কারণ তিনি শো করেন না, অ্যাওয়ার্ড আসরে যান না, বিয়ের অনুষ্ঠানে নাচেন না। আর এ কারণেই অনেক সংস্থা তাকে বাদ দিয়েছে।
২০১১ সালের সিনেমা 'তানু ওয়েডস মানু'র সাফল্যের পর সম্প্রতি মুক্তি পেয়েছে কাঙ্গানা অভিনীত এই সিনেমাটির সিক্যুয়াল 'তানু ওয়েডস মানু রিটার্নস'। মুক্তির পর প্রথম তিন দিনেই সিনেমাটি আয় করেছে ৩৮ কোটি রুপি। বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি বছরের প্রথম ১০০ কোটি আয় করা সিনেমা হতে যাচ্ছে এটি।
