সার্ক উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র
শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হওয়া সার্ক চলচ্চিত্র উৎসব-২০১৫ তে অংশগ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় তিনটি চলচ্চিত্রকে মনোনীত করেছে। সিনেমাগুলো হল গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’, মোহাম্মদ হান্নান পরিচালিত 'শিখণ্ডী কথা' ও আবু শাহেদ ইমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য কন্টেইনার’।
ছয়দিনের এ উৎসবে সার্কভুক্ত দেশগুলো থেকে এ সময়ের সাড়া জাগানো মৌলিক চলচ্চিত্রগুলোকেই আমন্ত্রন জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটানের চলচ্চিত্র নির্মাতারা।
এবারের উৎসবে অংশ নিচ্ছে নয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রথমবারের মতো শুরু হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশগ্রহণকারী চলচ্চিত্রের সংখ্যাও নয়।
২০১৩-১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরে সর্বোচ্চ ১৭টি শাখায় পুরস্কার পাওয়া চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ প্রথমবারের মতো বড় পরিসরের কোনো উৎসবে অংশ নিচ্ছে।
প্রথমবারের মতো আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে যাওয়া চলচ্চিত্রটি নিয়ে তিনি গ্লিটজকে বলেন, “আমার সিনেমাটি এখন আন্তর্জাতিক পরিসরে সেরা সব সিনেমার সঙ্গে লড়বে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সিনেমার সুনাম বাড়বে, এটি নিশ্চয়ই খুব আনন্দের।”
‘মৃত্তিকা মায়া’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিতাস জিয়া ও শর্মি মালা। দুজনের ঝুলিতেই গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
হিজড়া সম্প্রদায়ের কাহিনি নিয়ে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ‘শিখণ্ডী কথা’ চলচ্চিত্রটি প্রশংসা কুড়িয়েছে বোদ্ধা মহলে। সিনেমাটির সাফল্য নিয়েও আশাবাদ ব্যক্ত করেছে ইমপ্রেস টেলিফিল্মস। তারা বলছে, ফিচার ফিল্ম শাখায় ‘শিখন্ডি কথা’র সম্ভাবনা রয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মিরানা জামান, মহম্মদ হাননান এবং মহাকাল নাট্যসম্প্রদায়ের শিল্পীরা।
