২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে গেল এক সুন্দর মন

শনিবার নিউ জার্সিতে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন নোবেলজয়ী গণিতবিদ জন ন্যাশ এবং তার স্ত্রী এলিসিয়া ন্যাশ । তার জীবন অবলম্বনেই ২০০১ সালে নির্মিত হয় ‘আ বিউটিফুল মাইন্ড’ সিনেমাটি, যা অস্কার জিতে নিয়েছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2015, 11:32 AM

Updated : 25 Apr 2022, 01:24 PM

পর্দায় ন্যাশের চরিত্র রূপায়নকারী রাসেল ক্রো রবিবারেই টুইট করেন, “হতবাক... আমার হৃদয় জন, এলিসিয়া এবং তাদের পরিবারের কাছে। এক অসাধারণ যুগল জীবন। সুন্দর মন এবং সুন্দর হৃদয়ের দুজন মানুষ।”

প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ১৯৫০ সালে পিএইচডি অর্জন করা জন ন্যাশের অভিসন্দর্ভ সম্পর্কে তার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলেছিল, “গণিত এবং অর্থনীতির ক্ষেত্রে তার ২৭ পৃষ্ঠার অভিসন্দর্ভের প্রভাব ছিল অভাবনীয়।” ন্যাশ পরে এই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে যোগদান করেন।

ন্যাশ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ক্রিস্টোফার এল ইগসরাবার বলেন, “জনের অসাধারণ কাজ কয়েক প্রজন্ম ধরে গণিতজ্ঞ, অর্থনীতিবিদ এবং বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছে; যারা গেইম থিওরিতে তার দুর্দান্ত এবং যুগান্তকরী অবদানের মাধ্যমে প্রভাবিত হয়েছেন।”

১৯৫৭ সালে জন ন্যাশ বিয়ে করেন অ্যালিসিয়া ডে লার্ডেকে। এর দু বছরের মধ্যেই অ্যালিসিয়া যখন অন্তঃসত্ত্বা, তখন ধীরে ধীরে জন ন্যাশের কর্মকাণ্ডে মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ পেতে থাকে। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ন্যাশকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয় তারপর। এর মধ্যেই জন্ম নেয় এলিসিয়া ও জনের সন্তার জন চার্লস মার্টিন ন্যাশ।

জন ন্যাশের জীবনের এই ঘটনা অবলম্বনেই ‘আ বিউটিফুল মাইন্ড’ নামের একটি বই প্রকাশ করেন সিলভিয়া ন্যাসার। ১৯৯৮ সালের পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত এই বই থেকে ২০০১ সালে সিনেমা নির্মাণ করেন রন হাওয়ার্ড। এতে রাসেল ক্রো জন ন্যাশ এবং জেনিফার কনেলি অ্যালিসিয়া ন্যাশের ভূমিকায় অভিনয় করেন। পরের বছরের অস্কার আসরে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লের অস্কার জিতে নেয় সিনেমাটি। জেনিফার কনেলি জয় করেন পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার। রাসেল ক্রো সেবার সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

বক্স-অফিসেও দারুন সাড়া ফেলেছিল এই বায়োপিক। বিশ্বব্যাপি ৩১ কোটি ডলার ব্যবসা করে সিনেমাটি।