২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমরানকে ক্রিকেট শেখাচ্ছেন আজহার

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘আজহার’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এমরান হাশমি। এই চরিত্রে অভিনয়ের জন্য আজহার উদ্দিনের কাছ থেকেই ক্রিকেটের তালিম নিচ্ছেন বলিউডি সিনেমার 'সিরিয়াল কিসার'।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2015, 02:12 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

নিজের চরিত্রে এমরান হাশমিকে পেয়ে যারপরনাই খুশি আজহার। তিনি বলেন, “এমরান এই চরিত্রের জন্য খুবই উপযুক্ত। সে অনেক পরিশ্রম করেছে এর জন্য। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমার চরিত্রে এমরানই কেন? কিন্তু আমার সবচেয়ে পছন্দের অভিনেতা এমরানই।”

“আমি তার প্রায় সব সিনেমা দেখেছি। এবং আমার মনে হয় এই চরিত্রের জন্য সে উপযুক্ত। এই সিনেমার পর থেকে সবাই তাকে ‘আজহার’ বলেই ডাকবে!”

এমরান বলেন, পর্দায় আজহারউদ্দিনের ভুমিকায় অভিনয় করার সবচেয়ে কঠিন দিকটি হলো ব্যাটিং শৈলী আয়ত্ত করা। তবে তিনি খুশি কারণ, এ ব্যাপারে তাকে সাহায্য করছেন স্বয়ং আজহার।

“অনেক গুলো চ্যালেঞ্জ ছিল আমার জন্য। এর মধ্যে অন্যতম ছিল আজহারের ক্রিকেট খেলার ধরন আয়ত্ত করা। কারণ তিনি খুবই অপ্রচলিত শৈলীর ক্রিকেট খেলতেন এবং এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আর তাই আজহার ভাই আমাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। তখন আমি বুঝতে পারলাম ক্রিকেট বুঝতে হলে আমাকে অনেক দূর যেতে হবে।”

টনি ডি’সুজার পরিচালনায় ‘আজহার’ সিনেমাটি হতে যাচ্ছে আজহারউদ্দিনের জীবনীনির্ভর। নব্বইয়ের দশকের প্রায় পুরোটা সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০০০ সালে তিনি অভিযুক্ত হন ম্যাচ পাতানোর দায়ে এবং এর জন্য ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ ঘোষিত হন। তবে ২০১২ সালে অন্ধ্র প্রদেশ উচ্চ আদালত তার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়।

২০১৬ সালের ১৩ মে মুক্তি পাবে ‘আজহার’।