আলো ছড়াতে চান দীপালি
নাটক থেকে সিনেমায় আসা তারকাদের ভিড়ে একজন দীপালি আক্তার তানিয়াও। সেরা হওয়ার ইঁদুর দৌঁড়ে নিজেকে টিকিয়ে রাখার জন্য তৈরি করছেন নিজেকে। ছোট পর্দাকে বিদায় জানিয়ে সিনেমাকেই নিজের ধ্যান-জ্ঞান করে নিয়েছেন তিনি।
দীপালি গ্লিটজকে বলেন, “আর সবার মতো আমি হুট করেই চলচ্চিত্রে আসিনি। অনেক দিন টিভি পর্দায় কাজ করে তবেই চলচ্চিত্র জগতে এসেছি। টিভি পর্দায় যারা কাজ করছে তাদের সবারই স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। আমিও সেই স্বপ্ন থেকেই চলচ্চিত্রে এসেছি।”
চলচ্চিত্রে নবাগতাদের মিছিলে নিজেকে আলাদাভাবে তুলে ধরা সহজ নয়, মানলেন সে কথাও।
“প্রতিযোগিতা তো থাকবেই। তবে আমি এসব নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছি না। কাউকে ছাড়িয়ে যাবো, কারও চেয়ে বেশি জনপ্রিয় হবো, এত কিছু আমি ভাবি না। আমি আমার মতো করে অভিনয় করতে চাই।”
গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপালি বলেছিলেন, তিনি অভিনয় করতে চান শাকিব খানের মতো সিনিয়র অভিনেতাদের বিপরীতে। সেই দীপালি এখন সুর পাল্টে বলছেন, নতুনদের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই তার।
“বাপ্পী-মাহিরা যখন শুরু করেছিলো তখন তারা একেবারেই নতুন মুখ ছিলো। তাদের জুটি তো হিট হয়েছে। সুতরাং নতুনদের সঙ্গে কাজ করবো না, তা নয়। আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। মুখ্য ব্যাপার হল, সিনেমার গল্প। সিনেমার গল্প ঠিকঠাক হলে নতুনদের সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই।”
ঠিক কোন ধরনের গল্প আর চরিত্র চাই - এমন প্রশ্নে দীপালির উত্তর, “আমি সব ধরনের গল্পেই কাজ করতে চাই। সে গল্পের যেন নিজস্বতা থাকে। গল্পটি যেন কোনো ভারতীয় বা বিদেশী সিনেমার নকল না হয়।”
তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
দীপালি জানালেন, চিকিৎসক তাকে এক সপ্তাহের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও সিনেমার প্রয়োজনে তাকে আহত অবস্থাতেই শুটিং করতে হচ্ছে।
বাপ্পীর বিপরীতে আরও একটি চলচ্চিত্রে কাজ করবেন দীপালি। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সিনেমাটির নাম ‘মিশন মাদ্রিদ’। সবকিছু ঠিকঠাক থাকলে বাপ্পীর সঙ্গে খুব শিগগিরই দীপালি উড়াল দেবেন স্পেনে।
দীপালির প্রথম সিনেমা আহমেদ আজিম টিটুর ‘পায়রা’। রোমান্টিক ঘরানার সিনেমাটিতে দীপালির নায়ক মামনুন হাসান ইমন। দীপালি আরও অভিনয় করেছেন অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ সিনেমাতে। সিনেমা দুটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
পশ্চিমবঙ্গের নায়ক হিরণের বিপরীতে ‘মন দিওয়ানা’ নামে একটি সিনেমার শুটিং শুরু করলেও পরে কোনো এক কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়।
