কান মাতাতে পারছেন না ক্যাটরিনা
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে লাল গালিচায় তেমন একটা নজর কাড়তে পারেননি এই অভিনেত্রী। বরং প্রথম দিন তার পরা দুটি পোশাক দেখে অনেকেই ভ্রু কুঁচকেছেন।
ক্যাটরিনা উৎসবের প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য বেছে নেন মিলির সাদাকালো একটি ক্রপ টপ এবং তার সঙ্গে সাদা রঙের একটি ইষদচ্ছ্ব স্কার্ট। এর সঙ্গে পায়ে ছিল মানোলো ভ্লনিকের কালো রঙের একটি স্টিলেটো।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, একই পোশাক এর আগে দেখা গেছে পপ তারকা এবং মডেল আলেশা ডিক্সনের পরনে। এ বছরই ‘ব্রিটেইনস গট ট্যালেন্ট’-এর আসরে পোশাকটি পরেছিলেন তিনি। অনেকে অবশ্য আলেশার চেয়ে ক্যাটরিনার সাজকেই পছন্দ করছেন বেশি। সেই সঙ্গে এমনও বলা হচ্ছে, অন্য কেউ পরেছিল বলেই নকলের অভিযোগ এনে ক্যাটরিনার এই সাজকে বাতিলের খাতায় ফেলে দেওয়া ঠিক হবে না।
এর পরপরই একটি সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে যোগ দিতে প্রথমবারের মতো কানের লাল গালিচায় হাঁটেন ক্যাটরিনা। এই সময় তার পরনে ছিল অস্কার ডে লা রেন্টার কালো লেইসের একটি সান্ধ্য পোশাক। পোশাকটির সঙ্গে হীরের অলঙ্কার আর খোলা চুলে আবির্ভূত হন 'ধুম' তারকা।
অনেকটা একই ধরনের এবং একই রঙের সান্ধ্য পোশাক পরে ২০১৩ সালের কান উৎসবে লাল গালিচায় হেঁটেছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এলি সাবের নকশা করা ওই পোশাকে সন্তান আরাধিয়ার জন্মের পর দ্বিতীয়বারের মতো কান উৎসবে যোগ দিয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সেই তুলনায় ভারতীয় গণমাধ্যম ক্যাটরিনার সাজকে উল্লেখ করছে ‘একঘেঁয়ে এবং মৌলিকত্বহীন’ হিসেবে। বিশেষ করে এরকম একটি পোশাকের সঙ্গে ক্যাটরিনার খোলা চুলের সাজ মানানসই হযনি বলেই মত দিয়েছেন অনেকে।
