'বেদনায় কত নীল হতে পারো তুমি?'
'আই হ্যাভ বিন ডাউন হার্টেড বেবি, হাও ব্লু ক্যান ইউ গেট?' - ভক্তদের কাছে প্রশ্ন এ রেখে গেলেন বিবি কিং। ব্লুজ সঙ্গীতের এই মহারথীর জন্য সত্যিই বেদনায় নীল আজ শ্রোতাদের মন।
মিসিসিপির এক কৃষক পরিবারে জন্ম রাইলি বি কিং-এর। তখন হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি ব্লুজ কিংবদন্তী বিবি কিং হয়ে উঠবেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ব্লুজ গায়ক হবার। বাবার সঙ্গে খামারে কাজ করার জায়গায় তাকে পাওয়া যেতো গির্জার গায়ক দলে।
বিবি কিংয়ের শৈশব সম্পর্কে খুব একটা জানা না গেলেও শোনা যায়, ১২ বছর বয়সে নিজের প্রথম গিটারটা পেয়েছিলেন জ্ঞাতি ভাই এবং ব্লুজ গায়ক বুকার হোয়াইটের কাছ থেকে। আর বুকারই ছিলেন তার প্রথম গিটারের শিক্ষক।
বুকারের হাত ধরেই প্রথম যৌবনে চলে যান টেনিসিতে। সেখানে এক রেডিওতে কাজ পান। গায়ক এবং ডিজে হিসেবে কিছুদিনের মধ্যেই পেয়ে যান জনপ্রিয়তা। শ্রোতাদের ভালোবাসা তাকে দেয় নতুন নাম - 'বিল স্ট্রিটস ব্লুজ বয়', সেখান থেকেই আসে তার মঞ্চের নাম বিবি কিং।
১৯৫০ সাল থেকে গান রেকর্ড করা শুরু করেন বিবি কিং। তবে কাঙ্ক্ষিত খ্যাতি আসে দুই বছর পরে। লয়েল ফালসনের বিখ্যাত গান 'থ্রি ও ক্লক ব্লুজ' গেয়েই বাজিমাত করেন কিং। গানটি ১৫ মাস ধরে আর অ্যান্ড বি চার্টের শীর্ষে অবস্থান করেছিল।
এরপর চলতে থাকে একের পর এক হিট উপহার দেয়ার পালা--'প্লিজ লাভ মি', 'ইউ আপসেট মি বেবি', 'টেন লং ইয়ার্স', 'সুইট লিটল এঞ্জেল', 'সুইট সিক্সটিন' ইত্যাদি।
নিজের দীর্ঘ ক্যারিয়ারে বেশিরভাগ গানেই ব্লুজ ঘরানার রীতি বিশেষভাবে ধরে রাখতে দেখা গেছে এই গায়ককে। কিন্তু এরপরও সঙ্গীত এবং সংস্কৃতির মেলবন্ধন তৈরিতে বিবি কিংয়ের ছিল আলাদা আগ্রহ।
ব্লুজের ঐতিহ্য বজায় রেখে কিং তার গানে নিয়ে আসেন ভিন্ন ধারার সুর। আর তাই শুধুমাত্র ব্লুজ ঘরানাতেই সীমাবদ্ধ ছিল না কিংয়ের ভক্তকূল। জ্যাজ, ফোক এবং রক শ্রোতাদেরও মন জয় করেছিলেন তিনি। গানের পাশাপাশি গিটার বাজানোর ক্ষেত্রে বরাবরই কিং দিয়েছেন সৃজনশীলতার পরিচয়, যার ফলে তার নাম দেওয়া হয় 'কিং অফ ব্লুজ'।
গিটারের প্রসঙ্গ যখন এসেছে, তখন একটি কথা না বললেই নয়। নিজের প্রিয় গিটারকে কিং ডাকতেন 'লুসিল' নামে। এই নামের পেছনে রয়েছে ছোট্ট এক গল্প।
আরকানসাসে একদিন গান গাচ্ছিলেন কিং। তখন তিনি দেখেন দুজন লোক এক নারীকে নিয়ে ঝগড়া করছে, তাদের ঝগড়া হাতাহাতিতে পৌঁছে গেলে নিজের গিটারটিকে বাঁচানোর চেষ্টা করেন কিং। আর তখন গিটারের নাম রাখেন 'লুসিল', যা ছিল সেই নারীর নাম।
সঙ্গীতের ব্যাপারে কিংয়ের আত্মনিবেদন কতখানি ছিল, তা বোঝা যায় একটি ঘটনা থেকে। ২০০৬ সালের ১৭ এপ্রিল ছিল কিংয়ের ১০ হাজারতম কনসার্ট। তার ঠিক একদিন আগেই ক্যান্সারে আক্রান্ত তার সন্তানের মৃত্যু হয়। পুত্রশোক বুকে ধরে রেখে সেদিন ঠিকই পারফর্ম করেন কিং।
৬৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন এই আফ্রিকান-আমেরিকান গায়ক। তবে সবচেয়ে বড় সম্মাননা হয়ত তার ভক্তদের ভালোবাসা, যা সব সময়ই তাকে শ্রোতাদের মনে অম্লান করে রাখবে।
