২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বি বি কিংয়ের চিরবিদায়

যুক্তরাষ্ট্রের বিখ্যাত কৃষ্ণাঙ্গ গিটারবাদক ও গায়ক বি বি কিং আর নেই, বিশ্বজোড়া ভক্তদের কাছে যিনি ছিলেন ‘কিং অব দ্যা ব্লুজ’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 12:58 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

তার আইনজীবীর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,  বৃহস্পতিবার রাতে লাস ভেগাসে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মারা যান ‘লুসিল’, ‘সুইট ব্ল্যাক অ্যাঞ্জেল’ আর  ‘রক মি বেইবি’ গানের এই শিল্পী; তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বলা হয়, বি বি কিংয়ের গিটারেই ব্লুজ সংগীতধারা কালো আমেরিকানদের গানের আসর থেকে মূলধারায় আসে এবং এক পর্যায়ে এরিক ক্ল্যাপটন, স্টিভ রেসহ রক শিল্পীদের পুরো একটি প্রজন্মকে তিনি প্রভাবিত করেন নিজের আলোয়।

নিজের প্রিয় গিবসন গিটারকে আদর করে বি বি কিং ডাকতেন লুসিল নামে। সেই গিটারের তারেই তিনি এক সুরে বেঁধেছেন জ্যাজ আর ব্লুজ। মৃত্যুর কিছু দিন আগে পর্যন্ত বছরে একশটির বেশি কনসার্ট মাতাতে দেখা গেছে এই শিল্পীকে।

সম্প্রতি ডায়াবেটিসজনিত অসুস্থতা নিয়ে বি বি কিংকে  হাসপাতালে যেতে হয়। সেখান থেকে বাড়ি ফিরলেও অল্প দিনের মধ্যেই সংগীত বিশ্বকে তিনি চিরবিদায় জানালেন।  

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে জন্ম নেওয়া কিং মঞ্চে গিটার বাজানো শুরু করেন গত শতকের চল্লিশের দশকে। সাবেক এই খামারকর্মী জীবনের পঞ্চদশ গ্র্যামিটি ঝুলিতে ভরেন ২০০৯ সালে, ‘ওয়ান কাইন্ড ফেভার’ অ্যালবামের জন্য। 

রোলিং স্টোন ম্যাগাজিন তাদের সর্বকালের সেরা ১০০ গিটারবাদকের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে জিমি হেন্ড্রিক্স ও ডুয়ান অলম্যানের পরেই ছিল বি বি কিংয়ের নাম। ব্লুজ ফাউন্ডেশন হল অফ ফেইম এবং রক অ্যান্ড রোল হল অফ ফেইমে তিনি জায়গা করে নিয়েছেন একইসঙ্গে।

সংগীত জীবনের শুরুর দিকে মূলত কৃষ্ণাঙ্গরাই ছিল বি বি কিংয়ের শ্রোতা। কিন্তু হৃদয়গ্রাহী কণ্ঠ আর মেধা তাকে শিগগিরই পৌঁছে দেয় বিশ্বজোড়া আরও বহু শ্রোতার কাছে, তার গান উঠে আসে টপ চার্টে। 

এরিক ক্ল্যাপটন ও স্টিভ মিলারের মতো কম বয়সী শিল্পীদের সঙ্গে কাজের মধ্য দিয়ে ১৯৬০ এর দশকে নতুন এক প্রজন্মের শ্রোতাদের সঙ্গে পরিচিত হন কিং। সে সময় তার ‘দ্য থ্রিল ইজ গন’ দারুণ জনপ্রিয় হয়। এরপর আসে ‘লাইভ অ্যাট কাউন্টি কুক জেইল’ ও ‘বি বি কিং ইন লন্ডন’-এর মতো অ্যালবাম।  

ব্রিটিশ ব্যান্ড ইউটুর সঙ্গে কাজের মধ্য দিয়ে আশির দশকের শেষভাগে আবারও আলোচনায় আসেন বি বি কিং। আর নতুন শতকের শুরুতে কিংয়ের বয়স যখন ৭৫, ক্ল্যাপটনের সঙ্গে তার ‘রাইডিং উইথ দি কিং’দারুণ ব্যবসায়িক সাফল্য পায়।   

১৯৯৫ সালে প্রকাশিত ‘দি হিস্ট্রি অফ দি ব্লুজ’ বইয়ে সংগীত সমালোচক ফ্রান্সিস ডেভিস লিখেছেন, “আজ ব্লুজ আর কিংয়ের নাম যেন সমার্থক; যেমনটি ছিল লুই আর্মস্টং আর জ্যাজ। কিংকে শুনতে হলে আপনাকে ব্লুজভক্ত না হলেও চলবে।”