ক্যাটরিনার কান-অভিষেক
অবশেষে কান চলচ্চিত্রে উৎসবে অভিষেক হলো ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। কানের লাল গালিচায় কালো সান্ধ্য পোশাকে সবার নজর কাড়লেন তিনি।
ফরাসি প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েলের দূত হিসেবে এবারের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন ক্যাটরিনা। উৎসবের প্রথম দিনে ফরাসি সিনেমা ‘লা তেতে ঔত’ (স্ট্যান্ডিং টল)-এর উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেন ক্যাটরিনা। অস্কার ডে লা রেন্টার কাল লেইসের একটি সান্ধ্য পোশাকে চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি হন তিনি।
জমকালো পোশাকের সঙ্গে হালকা মেইক-আপ এবং ঢেউ খেলানো খোলা চুলেই সাজের পূর্ণতা দিয়েছেন ক্যাটনিরা। অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুরের সঙ্গে সেলফিও তোলেন তিনি। লাল গালিচায় হাঁটার আগে এক সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় তার পরণে ছিল সাদা-কালো স্কার্ট এবং ক্রপ টপ। মিলির পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন মানোলো ভ্লানিকের কাল স্টিলেটো এবং মারিয়া ফ্রান্সেসকা পেপের নকশা করা অলঙ্কার।
নিজের কান-অভিযানের সকল তথ্য টুইটারে টুকে রাখছেন ক্যাটরিনা। সেখানেই জুলিয়ান মুরের সঙ্গে তার সেলফি, উৎসব কেন্দ্রে তার পৌঁছানোর মুহুর্ত, লাল গালিচায় দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দেওয়া - সবই পোস্ট করছেন তিনি।
ল’রিয়েলের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং কানে হিন্দি সিনেজগতের নিয়মিত মুখ সোনাম কাপুর এসে পৌঁছাবেন শনিবার। ওদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন উৎসবে যোগ দেবেন ১৭ মে।
