হিন্দি সিনেমায় আতিফ আসলাম
গায়ক হিসেবে ভারতীয় শ্রোতাদের মন মাতানোর পর এবার নায়ক হিসেবে হিন্দি সিনেমায় আবির্ভূত হতে যাচ্ছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।
সম্প্রতি প্রেস ট্রাষ্ট অফ ইন্ডিয়াকে এই খবর নিশ্চিত করেছেন আতিফ নিজেই। তিনি বলেন, "গত কয়েক বছর ধরে আমি বলিউডে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। সম্ভবত এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে আমাকে হিন্দি সিনেমায় দেখবে দর্শক।"
হিন্দি সিনেমায় এটাই তার প্রথম কাজ হলেও নিজ দেশের সিনেমায় আতিফের অভিষেক হয়েছে আরও আগে। ২০১১ সালে ‘বোল’ সিনেমায় প্রথম অভিনয় করেন আতিফ।
নিজের কণ্ঠের পাশাপাশি সুদর্শন চেহারার জন্যেও নারী ভক্তদের মধ্যে জনপ্রিয় এই গায়ক। জানালেন, এখনও কোনো সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হননি তিনি। তবে রোমান্টিক হিরো কিংবা খলনায়ক - দুই ধরনের চরিত্রেই অভিনয় করতে আগ্রহী আতিফ।
দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমায় প্লেব্যাক করে আসছেন আতিফ। তার জনপ্রিয় গানের মধ্যে আছে ‘তেরে বিন’, ‘পেহেলি নাজার মে’, ‘তু জানে না’, ‘ও লামহে’, ‘আদাত’ ইত্যাদি।
