‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’: অতিমানবদের মানবীয় গল্প
পর্দায় সুপারহিরো মানেই অসামান্য শক্তিধর এবং অসহায়ের ত্রাণকর্তা। কিন্তু এই অতিমানবদেরই মানুষের কাতারে নামিয়ে আনলেন নির্মাতা জশ হোয়েডন। আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, হাল্ক, ব্ল্যাক উইডো আর হক-আইদের এই মানবিক দিকই আর দশটা সুপারহিরো মুভি থেকে পূর্ণাঙ্গ চলচ্চিত্রের কাতারে উত্তরণ ঘটিয়েছে ‘অ্যভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’-এর।
২০০০ সালের পরবর্তী সময়টাতে ‘স্পাইডার-ম্যান’ ট্রিলজি দিয়েই রূপালী পর্দায় নতুন করে শুরু হয় সুপারহিরো উন্মাদনা। আর সে আগুনে ঘি ঢেলেছিল ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ সিরিজ। তবে পুরো বিষয়টিকেই অন্য মাত্রায় নিয়ে গেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। ২০০৮ সালে ‘আয়রন ম্যান’ দিয়ে যাত্রা শুরু করা মার্ভেল একের পর এক সিনেমা দিয়ে সুপারহিরোদের করে তুলেছে সিনে জগতের সবচেয়ে বড় তারকা। ২০১২ সালে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম পর্ব শেষ হয়েছিল ‘দ্য অ্যাভেঞ্জার্স’ দিয়ে। পরের বছরই ‘আয়রন ম্যান থ্রি’ দিয়ে শুরু হয় তাদের দ্বিতীয় পর্বের। আগের পর্বের সঙ্গে এই পর্বের পার্থক্য হলো, এবারের প্রতিটি সিনেমার মাধ্যমেই পৃথিবী ছাড়িয়ে গেছে সুপারহিরোদের পরিসর। গত বছরের ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ই এর প্রমাণ। সেই সঙ্গে প্রতিটি সিনেমাতেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে নতুন কোনো সুপারহিরো কিংবা সুপারভিলেইনকে। আর প্রতিটি সিনেমার যোগসূত্র হিসেবে কাজ করছে ইনফিনিটি স্টোন।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দ্বিতীয় পর্বের পঞ্চম সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’-এও বজায় থাকলো সেই ধারা। নতুন সুপারভিলেইন আল্ট্রন তো বটেই, দর্শকরা দেখলেন আরও তিন সুপারহিরো কুইকসিলভার, স্কারলেট উইচ এবং ভিশনকেও।
নতুন এই চার চরিত্রের চিত্রায়নেও জশ হোয়েডন বজায় রেখেছেন তার কুশলতা। বিশেষ করে আল্ট্রনের চরিত্র কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক রোবটের হলেও দারুণ রসালো সব সংলাপ আর মানবিক আবেগের উপস্থিতি তাকে সত্যিই করে তুলেছে অনন্য।
জেমস স্পেডারের কণ্ঠে আল্ট্রন যখন আওড়ায় পিনোকিওর সেই চিরচেনা পঙতি, “আই হ্যাভ গট নো স্ট্রিংস টু হোল্ড মি ডাউন/টু মেইক মি ফ্রেট, অর মেইক মি ফ্রাউন/আই হ্যাড স্ট্রিংস বাট নাউ আ’ম ফ্রি/ আই হ্যাভ নো স্ট্রিংস অন মি”- তখন সত্যিই মনে হয়, আল্ট্রন কোনো যন্ত্র নয়, সত্যিকারের রক্তমাংসের মানব সে।
আয়রন ম্যানের ভুলেই আল্ট্রনের জন্ম। আয়রন ম্যানের সহকারী জার্ভিসের কাছ থেকেই নিজেকে তৈরি করে নেওয়ার যাবতীয় রসদ নিয়ে নেয় সে। আর সে কারনেই হয়তো ক্ষ্যাপাটে বিজ্ঞানী টনি স্টার্কের আদলেই গড়ে ওঠে এ চরিত্রটি। এখানেও আল্ট্রনের চরিত্রটির মানবিক দিক লক্ষ্যণীয়। টনি স্টার্কের মতোই, সেও রগচটা, বেশ রসবোধসম্পন্ন আর ক্ষেত্র বিশেষে নিষ্ঠুর। পুরো সিনেমাতেই তাই আল্ট্রনকে শেষ পর্যন্ত টনি স্টার্কের অল্টার ইগো হিসেবেই মনে হয়েছে।
নতুন দুই সুপারহিরো চরিত্র কুইক সিলভার আর স্কারলেট উইচের ভেতরেও প্রতিশোধের উন্মত্ততা আর পৃথিবীকে বাঁচানোর আকুলতা- দুই বিপরীতধর্মী আবেগের উপস্থিতি দেখা যায়। আর এই টানাপড়েনের কারণেই তাদের চরিত্র দুটি সুপারহিরোর খোলস থেকে বেরিয়ে হয়ে ওঠে একেবারেই অনন্য।
বিশেষ করে স্কারলেট উইচের চরিত্রের শুরু, তার প্রেক্ষাপট, শক্তি, দুর্বলতা এবং পূর্ন বিকাশ- এর সবকিছুই এলিজাবেথ ওলসেন সফলভাবে তুলে ধরতে পেরেছেন।
মার্ভেলের অন্য সুপারহিরো সিনেমাগুলোর মতোই ক্ষুরধার সংলাপ, অপ্রত্যাশিত সব চমক আর দারুণ অ্যাকশনে পূর্ণ ছিল এবারের সিনেমাটিও। তুলনামূলকভাবে গুরুগম্ভীর গল্পকাঠামোর এই সিনেমাতেও থরের হাতুড়ি তোলার বাজি, কিংবা আয়রন ম্যান আর আলট্রনের মুখোমুখি হওয়ার দৃশ্যগুলো ছিল বাড়তি বিনোদন। আর আল্ট্রন বাহিনীর সঙ্গে মাটির অনেক উপরে উড়তে থাকা অবস্থায় অ্যাভেঞ্জারদের লড়াই ছাড়াও হাল্কের সঙ্গে হাল্কবাস্টারস্যুটে আয়রনম্যানের যুদ্ধ নিঃসন্দেহেই বিনোদনের মাত্রা বাড়িয়েছে।
হাল্কের প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। ক্ষুব্ধ, মারকুটে রূপে তো বটেই এবারের সিনেমায় নিতান্তই শান্তিপ্রিয় হওয়া সত্ত্বেও বারবার যুদ্ধের বিভিষিকায় জড়িয়ে পড়ার ভয়াবহতা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন মার্ক রাফালো। কেবল অ্যাকশন হিরো হিসেবেই নয়, একজন অভিনেতা হিসেবে রাফালো কতটা শক্তিশালী- সেটারই যেন জ্বলজ্যান্ত এক প্রমাণ এই সিনেমা।
ভাল গল্প, দারুণ চিত্রনাট্য, ভাল অভিনয় আর দক্ষ পরিচালনার ‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’-এর একটিমাত্র নেতিবাচক দিক হলো হুট করে নতুন বিষয়ের অবতারণা করা। মার্ভেল কমিক্সের যারা ভক্ত, তাদের জন্য হয়তো এই হুটহাট গল্পের মোড় ঘোরানোর ব্যাপারটি অস্বাভাবিক লাগবে না। কিন্তু একেবারে নতুন দর্শকদের জন্য এই অংশগুলো কিছুটা দুর্বোধ্যই ঠেকবে।
বরাবরের মতোই দারুণ চিত্রগ্রহণ আর থ্রিডি প্রযুক্তির ব্যবহার আরও ঝকঝকে করে তুলেছে সিনেমাটিকে। বিশ্বের ২৬টি দেশে চিত্রায়িত সিনেমাটির বেশ গুরুত্বপূর্ণ একটি অংশের শ্যুটিং হয়েছে বাংলাদেশেও। বাংলাদেশে শ্যুটিং ক্রুর দায়িত্বে থাকা তরুন নির্মাতা শরীফ ফেরদৌস অর্কর মুন্সিয়ানার দারুণ ঝলক দেখা গেছে সিনেমাটিতে। ভবিষ্যতে এই নির্মাতার কাছ থেকে আরও অনেক ভাল কিছুর আশা রইল।
সিনেমাটিতে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যা অন্য সব সুপারহিরো সিনেমা থেকে ‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’কে আলাদা করে ফেলে। অন্যসব সুপারহিরো সিনেমাতেই দেখা যায় অপশক্তির তাণ্ডবে একের পর এক জনপদ মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু পৃথিবীকে বাঁচানোর লড়াইয়ে নামা অতিমানবদের তো যুদ্ধকালীন প্রাণক্ষয় হিসেব করলে চলবে না। ২০১২ সালের ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ছিল এর কিছুটা ব্যাতিক্রম। শত্রুর সঙ্গে সংঘাতের পাশাপাশি সাধারণের প্রাণ রক্ষায় সদা সচেষ্টই দেখা গেছে অ্যাভেঞ্জারদের। এবারের সিনেমায় বিষয়টি আরও ভালভাবে তুলে ধরা হয়েছে। সিনেমার শেষ অংশে আল্ট্রনের বাহিনীর সঙ্গে চূড়ান্ত যুদ্ধে নামার আগে সকোভিয়া শহরের প্রতিটি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোটা নিশ্চিত করাই ছিল অ্যাভেঞ্জারদের মূল লক্ষ্য।
‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আলট্রন’ তাই শেষ পর্যন্ত অতিমানবদের নয়, জয়গান গেয়েছে তাদের ভেতরে থাকা মনুষত্বের।
