গ্রিসে বিয়ে করছেন শাহিদ?
মাত্র এক মাস পরই গাঁটছড়া বাঁধছেন ভারতীয় অভিনেতা শাহিদ কাপুর। শোনা যাচ্ছে, তার বিয়ের অনুষ্ঠানটি হবে গ্রিসে।
গত কয়েকমাস ধরেই নিজের ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় রয়েছেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। বাবা-মায়ের পছন্দের মেয়ে মিরা রাজপুতের সঙ্গে আংটি বদলের পর থেকে শাহিদের বিয়ে নিয়ে চলছে একের পর এক গুঞ্জন।
গুঞ্জন শোনা গেছে বিয়ের তারিখ নিয়েও। অনেকে বলছেন, ১০ জুন বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।
জি মিডিয়া ব্যুরো বলছে, শাহিদ-মিরার বিয়ে হবে গ্রিসের কোনো এক শহরে। বিয়েতে অংশ নেবেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা।
পরপর দুজন অভিনেত্রীর সঙ্গে প্রেম করে ব্যর্থ হবার পর শেষমেশ বাবার পছন্দেই বিয়ে করছেন 'হায়দার' খ্যাত এই অভিনেতাকে। ক্যারিয়ারের শুরুতে কয়েক বছর শাহিদ প্রেম করেছিলেন অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে।
কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙ্গার পর গোপনে 'কামিনে' সিনেমার সহশিল্পি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও প্রেম করেন শাহিদ। তবে টেকেনি সেই সম্পর্কও।
হবু স্ত্রী মিরা রাজপুতের পরিবারের সঙ্গে অনেক বছর ধরে পরিচয় শাহিদের বাবা পংকজ কাপুরের। ২৩ বছর বয়সী মিরা দিল্লির মেয়ে। দিল্লির লেডি শ্রিরাম কলেজে ইংরেজিতে স্নাতক করছেন তিনি।
