১৫ বছর পর সুমনা হক
দীর্ঘ ১৫ বছরের নীরবতা ভেঙ্গে একক অ্যালবাম উপহার দিলেন গায়িকা সুমনা হক। শিল্পীর আধুনিক গানের তৃতীয় অ্যালবামটির নাম ‘কিছু স্মৃতি কিছু বেদনা’।
সম্প্রতি ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় মোড়ক উন্মোচন হল তার অ্যালবামটির। অনুষ্ঠানে শিল্পী বললেন, “অনেকদিন হলো গান করি না। গানে ফেরার কথা সকলেই বলে। সেই তাগিদ ও আমার মনের ক্ষুধা মেটাতেই আসলে অ্যালবামটা হয়ে গেলো। এছাড়াও যশপাল মনির অনুপ্রেরনায় আমি এত বছর পরে এই অ্যালবামটি করলাম। যিনি আমার পুরো অ্যালবামের সংগীতায়োজনের কাজটি করেছেন।”
অ্যালবামে থাকছে সাতটি গান। মূলত রোমান্টিক ঘরানার এই অ্যালবামের মাধ্যমে গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করলেন সুমনা।
দীর্ঘ বিরতির পরে গানের ভুবনে প্রত্যাবর্তন প্রসঙ্গে সুমনা বলেন, “সত্যি বলতে একেবারেই অন্যরকম অনূভূতি। কারণ আমার গানে ফিরে আসার কোনো ইচ্ছাই নেই। আর গান নিয়ে ভবিষৎ পরিকল্পনা মোটেও নেই। আমি ছবি আঁকা নিয়েই থাকতে চাই।”
১৯৮৮ সালে সারগামের ব্যানারে বাজারে আসে তার প্রথম অ্যালবাম ‘মায়াবী রাতে’। এরপরে টানা এক যুগের নীরবতা ভেঙ্গে ২০০০ সালে সাউন্ডটেকের ব্যানারে বাজারে আসে তার দ্বিতীয় অ্যালবাম ‘মাঝে কিছু বছর গেলো’। তারপর ২০০৮ সালে বেঙ্গল মিউজিকের ব্যানারে বাজারে আসে তার রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘তুমি রবে নিরবে’।
