আর্জেন্টিনায় বিবারের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
টিন পপ তারকা জাস্টিন বিবার আবারও বিতর্কে জড়িয়েছেন। ২০১৩ সালে তার বিরূদ্ধে দায়ের করা এক মামলায় হাজিরা না দেওয়ায় এবার তার বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আর্জেন্টিনায়।
২০১৩ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসের একটি নৈশ ক্লাবের বাইরে ডিয়েগো পেসোয়া নামের আলোকচিত্রীকে মারার জন্য নিজের দুই দেহরক্ষীকে পাঠানোর অভিযোগে বিবারের বিরূদ্ধে মামলা হয়। এ মামলায় দোষী সাব্যস্ত হলে আর্জেন্টাইন আইন অনুসারে এক মাস থেকে ছয় বছরের কারাদণ্ড হতে পারে বিবারের। এরপর থেকে দক্ষিণ আমেরিকার দেশটির ছায়াও মারাননি বিবার।
আর্জেন্টাইন বিচারক হুলিও বানোস সম্প্রতি বিবার হাজিরা না দেওয়ায় তিনি এবং তার দুই দেহরক্ষী হুগো আলসিদেস হেন্সি এবং টেরেন্স রেশে স্মল্সের বিরূদ্ধে তাৎক্ষণিক আটকাদেশ জারি করেন।
বাদি পক্ষের আইনজীবি মাতিয়াস মোরলা দাবি করেছেন, এই পরোয়ানা জারি করায় এবার বিবারকে আর্জেন্টিনায় এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।
তিনি বলেন, “এখন কেবল পুৃলিশের তাকে (বিবার) খুঁজে বের করার এবং ধরে আনার অপেক্ষায় আমরা। আমাদের জন্য এটা এক ধরনের বিজয় তাদের বিরূদ্ধে, যারা এত দিন আমাদের মামলাটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করে আসছিল।”
