রুনা লায়লার কনসার্টে ফাওয়াদ, কেকে
রুনা লায়লার সংগীত জীবনের পঞ্চাশ বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে সেলিব্রেশন অব মিউজিক কনসার্ট। শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে রুনা লায়লার সঙ্গে মঞ্চে উঠবেন ভারতের শিল্পী কেকে এবং পাকিস্তানের অভিনেতা ও শিল্পী ফাওয়াদ খান।
কনসার্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৫টায় গুলশান ক্লাবের হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান এন্টারেজ এন্টারটেইনমেন্ট।
শুক্রবারের কনসার্ট নিয়ে রুনা লায়লা বলেন, “আমি খুবই ভাগ্যবান বলেই পঞ্চাশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে গান গাইছি। এটা অনেক বড় পাওয়া। গানের জগতে আমার সূবর্ণজয়ন্তী উপলক্ষে এমন একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য আয়োজকরাই পাবে পুরো কৃতিত্ব।”
অনুষ্ঠানে শ্রোতাদের জন্য কোন গানগুলো থাকছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনুষ্ঠানে আমার পছন্দের গান গাওয়ার সঙ্গে সঙ্গে অনেক অনুরোধের গানও গাইতে হবে। বেশ কিছু গানের জন্য অনুরোধও রয়েছে। আমার তো অনেক গান রয়েছে যেগুলো বেশ জনপ্রিয়। কিন্তু সবগুলো গানতো গাওয়া যাবে না, তাই সেখান থেকে কিছু জনপ্রিয় গান গাওয়া হবে।”
ভারতীয় গায়ক কেকে বলেন, “এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি। আমি রুনা লায়লার গানের খুবই ভক্ত। তার সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার গাওয়াটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার।”
আয়োজক এন্টারেজ এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সামরীন ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন এবারই প্রথম। অনুষ্ঠানে একটু ভিন্নতা আনার জন্যই ভারতের কেকে ও বলিউড অভিনেতা ও পাকিস্তানি গায়ক ফাওয়াদ খানকে নিয়েই আমরা পুরো আয়োজনটি সাজিয়েছি।”
সংবাদ সম্মেলনে অংশ রুনা লায়লা ও কেকে উপস্থিত থাকলেও ফাওয়াদ খান উপস্থিত ছিলেন না।
সেলিব্রেশন অব মিউজিক কনসার্ট সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
