২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়া বচ্চন: ভিড়ের মধ্যে একলা

বচ্চন উপাধির আড়ালে কখনও হারিয়ে যাননি তিনি, অথচ অন্য অনেক নারীর বেলায় হয়তো সেটাই ছিল খুব স্বাভাবিক। অমিতাভ বচ্চনের স্ত্রী হিসেবে নয়, বরং স্বতন্ত্র খ্যাতিতে উজ্জ্বল জয়া ভাদুরী বচ্চন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 11:05 AM

Updated : 12 Oct 2022, 03:32 PM

অভিনেত্রী হিসেবে তিনি এক সময় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন বলিউডে। আর সেটা করেছেন রূপের জোরে নয়, অভিনয় প্রতিভায়। বলিউডে যেখানে চটকদার, খোলামেলা, আবেদনময়ী নায়িকাদের ভিড়, সেখানে সাদামাটা চেহারার, শ্যামলা একটি ছোটখাট বাঙালি মেয়ের টিকে থাকাই ছিল বিস্ময়ের। কিন্তু তিনি কেবল টিকেই থাকেননি, উপহার দিয়েছেন ‘গুড্ডি’, ‘অনামিকা’, ‘কোশিস’, ‘মিলি’, ‘অভিমান’-এর মতো ব্যবসা সফল ও শিল্পসার্থক চলচ্চিত্র।

জয়া ভাদুরীর জন্ম ১৯৪৮ সালের ৯ এপ্রিল জব্বলপুরে। বাবা তরুণ কুমার ভাদুরী ছিলেন প্রখ্যাত লেখক, সাংবাদিক এবং মঞ্চ অভিনেতা। অভিনয় ছিল জয়ার রক্তে। বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেতা শিশির কুমার ভাদুরী ছিলেন তার ঠাকুর্দা।

সত্যজিৎ রায় ছিলেন পারিবারিক বন্ধু। ১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের ‘মহানগর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ১৫ বছর বয়সে রূপালি ভুবনে প্রবেশ করেন জয়া ভাদুরী।এর পর ‘সুমন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ‘ধন্যি মেয়ে’ নামে উত্তম কুমার অভিনীত একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন। এর কোনোটিতেই প্রধান ভূমিকায় ছিলেন না তিনি।

পুনে ফিল্ম ইন্সটিটিউটে অভিনয় শেখেন এবং সোনার মেডেল পেয়ে উত্তীর্ণ হন। ১৯৭১ সালে হৃষিকেশ মুখার্জির হিন্দি ছবি ‘গুড্ডি’তে নাম ভূমিকায় অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন সমিত ভঞ্জ ও একটি বিশেষ ভূমিকায় ছিলেন ধর্মেন্দ্র।প্রথম ছবিতেই বাজিমাত। ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান তিনি। এর পর মুক্তি পায় ‘উপহার’(১৯৭১) ‘পরিচয়’(১৯৭২), ‘পিয়া কা ঘর'(১৯৭২) ইত্যাদি ব্যবসা সফল ও শিল্পমুখী ছবি। ১৯৭২ সালে রানধির কাপুরের বিপরীতে পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি ‘জওয়ানি দিওয়ানি’ও ব্যবসা সফল হয়।

‘উপহার’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে বিশেষ পুরস্কার পান তিনি। সে বছর তার অভিনীত ‘বাবুর্চি’ ছবিটিও দারুণ সফল হয়। এ ছবির নাম ভূমিকায় ছিলেন রাজেশ খান্না।

১৯৭৩ সালে মুক্তি পায় গুলজার পরিচালিত ‘কোশিস’। ছবিতে সঞ্জীব কুমার ও জয়া ভাদুরী ছিলেন বাক প্রতিবন্ধী দম্পতির ভূমিকায়। দুজনের অভিনয়ই ছিল অসাধারণ।

ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান আবার। এ সময় জয়া হয়ে ওঠেন বলিউডের উজ্জ্বল তারকা।

অমিতাভ বচ্চনের বিপরীতে তিনি প্রথম অভিনয় করেছিলেন ১৯৭২ সালে ‘বংশী বিরজু’ এবং ‘এক নজর’ ছবিতে। কিন্তু ছবিদুটো বাণিজ্যিক সফলতা পায়নি। বক্স-অফিসে ব্যর্থ ‘লম্বু নায়কে’র বিপরীতে তখন প্রথম সারির কোনো নায়িকা অভিনয়ে রাজি ছিলেন না। কিন্তু জয়া বুঝেছিলেন এ ছেলেটি হেরে যাবার জন্য আসেনি। তাই ১৯৭৩ সালে সেলিম জাভেদের অ্যাকশন ছবি ‘জাঞ্জির’ এ অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি। বাকিটা ইতিহাস। সুপার-ডুপার হিট এ ছবি অমিতাভকে দেয় বিপুল সাফল্য আর জয়াকে দেয় জীবনব্যাপী প্রেম। এর পর এ জুটির ছবি ‘অভিমান’ও দারুণ সফল হয়।

‘অভিমান’ ছবির কাজ চলার সময় বিয়ে করেন তারা।‘অভিমান’ এর সুবাদে ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান জয়া বচ্চন।‘চুপকে চুপকে’ ছবিতেও অভিনয় করেন এ জুটি। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া বলিউড ক্ল্যাসিক ‘শোলে’তেও জয়া ছিলেন অমিতাভের বিপরীতে।

১৯৭৪ সালে মুক্তি পায় ‘কোরা কাগজ’। বাংলা ছবি ‘সাত পাকে বাঁধা’র হিন্দি রিমেইক ছিল সিনেমাটি। এ ছবিতে জয়ার অভিনয় ছিল অতুলনীয়। সঙ্গত কারণেই ফিল্ম ফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জমা হয় তার ঝুলিতে।

১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘মিলি’ ছবিতেও তার অভিনয় ছিল অসাধারণ। অমিতাভ বচ্চনের বিপরীতে এ রোমান্টিক ছবিতে অভিনয়ের সুবাদে আবার সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পান।

ক্যারিয়ারের এমন মধ্য গগনে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কারণ ততদিনে জন্মেছে শোয়েতা এবং অভিষেক। সন্তানদের জন্য ঘর সংসারকে বেছে নিতে দ্বিধা করেননি জয়া। ১৯৮১ সালে ‘সিলসিলা’ ছবিতে অভিনয়ের পর অনেকদিন আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। ‘সিলসিলা’তে তিনি ছিলেন অমিতাভের বিপরীতে। পরকীয়া প্রেমভিত্তিক এ ছবিতে তিনি অমিতাভের স্ত্রীর ভূমিকায় ছিলেন। আর প্রেমিকার ভূমিকায় ছিলেন রেখা। বাস্তবেও সেসময় তার দাম্পত্যজীবন টালমাটাল হয়ে পড়েছিল রেখা-অমিতাভের প্রেমের ঝড়ো হাওয়ায়। তবে দারুণ বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে সে ঝড়কে সামলে ছিলেন জয়া বচ্চন।

দীর্ঘ বিরতির পর ১৯৯৮ সালে জয়া আবার অভিনয়ে ফিরে আসেন গোবিন্দ নিহলানি পরিচালিত ‘হাজার চৌরাশিকি মা’ ছবিতে। মহাশ্বেতা দেবীর লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি আবর্তিত হয় নকশাল আন্দোলনে মৃত এক বিপ্লবী তরুণের মাকে কেন্দ্র করে। ২০০০ সালে মুক্তি পায় ‘ফিজা’। এ ছবির জন্য পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার জয় করেন তিনি। ২০০১ সালে কারান জোহারের ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে অমিতাভের স্ত্রী ও শাহরুখ খানের মায়ের ভূমিকায় হৃদয় ছোঁয়া অভিনয় করেন তিনি। ২০০৩ সালে মুক্তি পায় ‘কাল হো না হো’। নিখিল আদভানি পরিচালিত এ ছবিতে অভিনয়ের সুবাদে আবার পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার জয়। ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ ছবিতে তিনি অভিনয় করেছেন ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে।

২০০৪ সালে জয়া বচ্চন সমাজবাদী পার্টি থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১২ সালেও তিনি নির্বাচিত হন।

জয়া বচ্চন ১৯৯২ সালে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হন। ২০০৭ সালে তিনি ফিল্মফেয়ারের আজীবন সম্মাননায় ভূষিত হন। তিনি তিন বার সেরা অভিনেত্রী ও তিন বার পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। মনোনয়ন পেয়েছেন পাঁচবার।

অমিতাভ বচ্চনের স্ত্রী, অভিষেক-শোয়েতার মা, ঐশ্বরিয়া রাইয়ের শাশুড়ি- এর কোনোটিই তার পরিচয় নয়। তার মূল পরিচয় তিনি জয়া বচ্চন ভাদুরী, বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী।