২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকেই এলআরবির জন্মদিন উদযাপন

১৯৯১ সালের ৫ এপ্রিল জন্ম হয় লাভ রানস ব্লাইন্ডের। এলআরবি নামেই পরিচিত ব্যান্ডটি প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি উদযাপন করছে। আর তার অংশ হিসেবেই নিজেদের প্র্যাকটিস প্যাডে ধারণকৃত ভিডিও ফেইসবুকে আপলোড করছে তারা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 04:05 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

ব্যান্ড প্রধান আইয়ুব বাচ্চু গ্লিটজকে বলেন, “একই সময়ে পৃথিবীর সব অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে ফেইসবুক। এ বিষয়টাকে মাথায় রেখে আমরা আলাদা আর কোনও আয়োজন রাখিনি। আমাদের যা কিছু উদযাপনের; সবটাই হবে ফেইসবুকের মাধ্যমে।”

জন্মদিনের কেক সামনে রেখে আইয়ুব বাচ্চুসহ ব্যান্ড সদস্যদের ছবি আপলোডের মাধ্যমে জন্মদিন উদযাপন শুরু হয় এপ্রিলের ৫ তারিখের প্রথম প্রহরে। সাতটি ছবির অ্যালবামের ক্যাপশনে দুই যুগেরও বেশি সময় ধরে উৎসাহ দেয়ায় ভক্ত ও সমর্থকদের অকুণ্ঠ ধন্যবাদ জানান হয়।

আগের ঘোষণা অনুযায়ী এরপর ‘প্রকৃত জন্মদিন’ উদযাপন শুরু হয় ফেইসবুকেই। দুপুর ১২টায় ‘শুভ সকাল’ বার্তাবহ একটি ভিডিও আপলোড করা হয়। যে ভিডিওতে দেখা যায় ব্যান্ড সদস্যদের নিয়ে আইয়ুব বাচ্চু ইন্সট্রুমেন্টাল পরিবেশন করছেন নিজস্ব প্র্যাকটিস প্যাডে। পরবর্তী ঘণ্টায় আরও তিনটি ভিডিও আপলোড করা হয়।

একটি ভিডিওর নাম ফ্ল্যাশব্যাক। ভিডিওটির মাধ্যমে আইয়ুব বাচ্চুতাদের ব্যান্ড শুরুর ইতিহাসের খানিকটা তুলে ধরেন। তার সঙ্গে যোগ দিতে দেখা গেছে ব্যান্ডের একমাত্র বেইজিস্ট সাইদুল ইসলাম স্বপনকে।

গীতিকার বাপ্পী খানকে একটি ভিডিওতে দেখা যায়। আইয়ুব বাচ্চু যাকে পরিচয় করিয়ে দেন “১৯৯১ সাল থেকে সারাক্ষণের সঙ্গী” হিসেবে।

তিনি বলেন, “পচিঁশ বছর হয়তো মহাকালের প্রেক্ষাপটে অনেক কম সময়।”

শহীদ মাহমুদ জঙ্গী, কাওসার আহমেদ চৌধুরী, আহমেদ ইসুফ সাবের, সালাউদ্দিন সজল, আফিফ ইকবাল, জায়েদ আমিন, লতিফুল ইসলাম শিবলী, নিয়াজ আহমেদ অংশু প্রমুখ গীতিকারের কথা স্মরণ করেন বাপ্পী। তিনি আরও স্মরণ করেন সাউন্ড রেকর্ডিস্ট বাদল রায়হানকে।

অন্যান্য ভিডিওর কোনোটিতে আইয়ুব বাচ্চু নির্ভানার গান কাভার করছেন, কোনোটিতে ব্যান্ড সদস্যরা সলো বাজাচ্ছেন, কোনোটিতে পুরনোদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বর্তমান সদস্য এবং ভক্তরা।

আইয়ুব বাচ্চু জানালেন, আরও চমক দেওয়ার আয়োজন চলছে।

প্রিয় ব্যান্ডকে জন্মদিনে ফেইসবুকে পাওয়ায় অভিভূত ভক্তরা। শুভেচ্ছা, অভিনন্দন জানানোর পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তাদের মন্তব্যে।