‘ফিউরিয়াস সেভেন’-এর কাছে 'ব্যোমকেশ বক্সি'র হার
পুরো বিশ্বের মতো ভারতের বক্স-অফিসও এখন ভুগছে ‘ফিউরিয়াস সেভেন’ জ্বরে। শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি দুই দিনে আয় করে নিয়েছে ২৩ কোটি ৭৫ লাখ রুপি। এদিকে একই সঙ্গে মুক্তি পাওয়া দিবাকর ব্যানার্জির সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ প্রথম দিনে আয় করেছে মোটে চার কোটি ৭৫ লাখ রুপি।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, মুক্তির দিন পল ওয়াকার, ভিন ডিজেল, ডোয়েইন জনসন আর মিশেল রদ্রিগেজ অভিনীত সিনেমাটি আয় করে ১২ কোটি রুপি। পরের দিন এটি আয় করে নেয় ১১ কোটি ৭৫ লাখ রুপি। এটিই এখন ভারতে সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের বিদেশী সিনেমা। ভারতব্যাপী ২৩০০ পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটি দেখতে দেখা গেছে উপচে পড়া ভীড়। পল ওয়াকারের শেষ সিনেমা হিসেবে সিনেমাটি নিয়ে উন্মাদনার শেষ নেই।
এমনকি অমিতাভ বচ্চনও সিনেমাটিকে উল্লেখ করেছেন ‘প্রেরণাদায়ক’ হিসেবে। সিনেমাটি দেখে নিজের ব্লগে তিনি পোস্ট করেন, “ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’ দেখাটা দারুণ প্রেরণাদায়ক। এর উপস্থাপনা এবং অ্যাকশন দৃশ্যগুলো সত্যিই আপনাকে জীবন্ত করে তোলে। চূড়ান্তভাবে কেউই সরে যায় না, কেউই মরে যায় না... তারা শেষ পর্যন্ত একসঙ্গে থেকে কাজ করে।”
বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইট, “দেশজুড়ে এখন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ঝড়। রবি থেকে বৃহস্পতি - এই চারদিনে সিনেমাটি ২০১৫ সালের সর্বাধিক আয় করা সিনেমায় পরিণত হবে।”
ওদিকে মাত্র ১২৩০টি পর্দায় মুক্তি পাওয়া দিবাকর ব্যানার্জির ‘ডিটেকটিভ ব্যোমেকেশ বক্সি’ প্রথম দিনের ব্যবসায় সাড়া জাগাতে পারেনি। ‘ফিউরিয়াস সেভেন’-এর কাছে মার খেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
শরদিন্দু চট্টোপাধ্যায়ের অমর গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সিকে হিন্দি সিনেমায় মূর্ত করে তুলেছেন সুশান্ত সিং রাজপুত। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন টালিগঞ্জের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
