'চুমু আমার একার বিশেষত্ব নয়'
হিন্দি সিনেপাড়ায় তিনি পরিচিত ‘সিরিয়াল কিসার’ হিসেবে। সেই এমরান হাশমিই এবার বললেন, চুমুর দৃশ্যে অভিনয় করাটা তার একার বিশেষত্ব নয়।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘মিস্টার এক্স’-এর এক প্রচার অনুষ্ঠানে এমরান বলেন, “আমার জন্য চুমুর দৃশ্যে অভিনয় করার ব্যাপারটা পুরনো হয়ে গেছে। এখন তো প্রত্যেক অভিনেতাই চুমুর দৃশ্যে অভিনয় করছেন। আর তাই, এটা এখন আর আমার একার বিশেষত্ব নয়।”
এমরান জানান, আমাইরা দাস্তুরের বিপরীতে তার নতুন সিনেমা ‘মিস্টার এক্স’ পরিবারের সবার দেখার উপযোগী সিনেমা। এই সিনেমায় তাই তাকে খুব কম অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে।
৩৬ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, “এখন থেকে হয়তো নতুন অভিনেত্রীরা আমার বিপরীতে অভিনয়ের ব্যাপারে ভয় কম পাবেন। কারণ, তাদেরকে জানাচ্ছি, এখন থেকে পরিবারের সবাই মিলেই আমার অভিনীত সিনেমা উপভোগ করতে পারবে। আর তাই আগে অনেকগুলো সিনেমায় আমি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও এবারের সিনেমায় সেটা অনেক কম।”
এদিকে ২০১৩ সালে ‘ইসাক’ সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করা আমাইরা মনে করেন, এমরান কখনোই তার ‘সিরিয়াল কিসার’-এর আবেদন মুছে ফেলতে পারবেন না।
“আমার মনে হয়, তাকে (এমরান হাশমি) মানুষ সবসময়ই মনে রাখবে ‘সিরিয়াল কিসার’ হিসেবেই”
আমাইরা আরও বলেন, “অন্য অভিনেত্রীরা এমরানকে নিয়ে অনেক ভয় পান। আর তাই নতুন অভিনেত্রী হিসেবে তার বিপরীতে অভিনয় করতে হলে আপনাকেই প্রথমে ‘হ্যাঁ’ বলতে হবে। তবে আমার মনে হয় তার মতো অভিজ্ঞতা সম্পন্ন অভিনেতার বিপরীতে একটি সবার দেখার মতো সিনেমায় সুযোগ পাওয়াটা আমার মতো নতুন অভিনেত্রীর জন্য অনেক বড় ব্যাপার।”
‘মিস্টার এক্স’ সিনেমায় এমরান অভিনয় করেছেন এমন একজনের ভুমিকায়, যে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করে। সিনেমাটি মুক্তি পাবে ১৭ এপ্রিল।
