অস্ত্রোপচার টেবিল থেকে রানভিরের টুইট
‘বাজিরাও মাস্তানি’ সিনেমার সেটে আহত হয়ে রানভির সিংয়ের ঠাঁই হলো অস্ত্রোপচার টেবিলে। কিন্তু তাতেও বন্ধ হয়নি ভক্তদের সঙ্গে যোগাযোগ!
সঞ্জয় লিলা বনসালির সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র শুটিং চলাকালে ঘোড়া থেকে পড়ে গিয়ে কাঁধে ব্যাথা পান রানভির। সম্প্রতি কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছে তার। হাসপাতাল থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিয়মিত নিজের অবস্থার কথা জানিয়ে টুইট করতে থাকেন রানভির। এমনকি একটি সেলফিও পোস্ট করেন তিনি, যেখানে তাকে অস্ত্রোপচারের টেবিলে শুয়ে থাকতে দেখা যায়।
অস্ত্রোপচারের ঠিক আগ মুহূর্তে ২৯ বছর বয়সী এই অভিনেতা একটি ছবি পোস্ট করে লেখেন, "অপারেশন থিয়েটার থেকে লাইভ টুইট।"
এরপর তিনি টুইট করেন, "কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়বো"। আর তার শেষ টুইটটি ছিল, "সে আমার ঘাড়ে ইনজেকশন দিয়েছে!"
রানভিরের এই কাণ্ড দেখে অনেকেই অবাক হয়েছেন।
রানভিরকে নিয়ে রসিকতা করে অভিনেত্রী অদিতি রাও হায়দারি লেখেন, "আমার মনে হয় তোমাকে অজ্ঞান করার জন্য ঘোড়াকে ঘুম পাড়ানোর ওষুধ দিতে হবে! নাহলে তুমি ঘুমাবে না! জলদি সুস্থ হয়ে ওঠো।"
রানভিরের এই টুইটকে ‘পাগলামি’ বলে অভিহীত করেন তার ‘লুটেরা’ সিনেমার সহশিল্পি সোনাকশি সিনহা। তিনি লেখেন, "রানভির তোমার পাগলামি নতুন মাত্রা ছুঁয়েছে! এইসব কী দেখছি! জলদি সুস্থ হও।"
রানভিরের বন্ধু অর্জুন কাপুরের মতে, জীবনকে একটি রিয়েলিটি শো বানিয়ে ফেলেছেন রানভির।
"রানভির তুমি নিজেই একটা রিয়্যালিটি শো বাবা!"
ঐতিহাসিক সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে রানভিরের বিপরীতে দেখা যাবে দিপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।
