চকলেটের 'শার্লক'
তারকাদের মোম কিংবা ব্রোঞ্জের মূর্তি তৈরির ঘটনা নতুন নয়। তবে এবার চকলেট দিয়ে তৈরি করা হলো ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচের ছয় ফুট লম্বা একটি মূর্তি।
ডেইলি টেলিগ্রাফ জানাচ্ছে, ৪০ কেজি ওজনের বেলজিয়াম চকলেটের তৈরি এই মূর্তিটি গড়তে আটজন শিল্পীর সময় লেগেছে পাক্কা আড়াইশ' ঘণ্টা। বেনেডিক্ট কাম্বারব্যাচের বিভিন্ন অনুষ্ঠানের লাল গালিচায় উপস্থিতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মূর্তিটি।
শিল্পীদের দলনেতা টিম সিম্পসন এ বিষয়ে বলেন, “কোনো কিছুকে নিখুঁত করে তৈরি করার জন্য তাড়াহুড়ো করা যায় না। বেনেডিক্টের চেহারাও এমন অনন্য যে তার মতো করে চকলেটের মূর্তি তৈরি করাটা ছিল সত্যিই এক আনন্দদায়ক চ্যালেঞ্জ। এক গোপন পদ্ধতিতে আমরা নিশ্চিত করেছি, আমরা যেমনটি চাই ঠিক তেমনি করেই যেন মূর্তিটি গড়তে পারি। আমরা নিশ্চিত, বেনেডিক্টের অসংখ্য ভক্ত মূর্তিটি পছন্দ করবেন।”
বেনেডিক্ট কাম্বারব্যাচ সম্প্রতি ইউকে টিভির এক জরিপে নির্বাচিত হন ব্রিটেনের সবচেয়ে আকর্ষণীয় ড্রামা অভিনেতা হিসেবে। এই জরিপে তিনি পেছনে ফেলেছেন ডেভিড টেনেন্ট, শন বিন এবং ইদ্রিস অ্যালবার মতো তারকাদের। আর সে কারণেই বেনেডিক্টের সম্মানে তৈরি করা হয়েছে এই মূর্তিটি।
৩ এপ্রিল ইস্ট লন্ডনের স্ট্র্যাটফোর্ড এলাকার ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে প্রদর্শিত হবে মূর্তিটি।
