২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে ‘ম্যাকগাইভার’

ফিরছে আশির দশকের জনপ্রিয় টিভি সিরিজ 'ম্যাকগাইভার' । তবে এর ভাগ্য নির্ধারণ করবেন 'ম্যাকগাইভার' ভক্তরাই। আর এ জন্য তাদের চাই কাগজ, কলম, চিউয়িং গাম, চারটি পেপার ক্লিপ, এক টুকরো ডাক টেপ আর সুইস নাইফ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 07:10 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, সিরিজটির নির্মাতারা 'ম্যাকগাইভার'-এর মতোই আরেকটি সিরিজের ভাবনা চেয়েছেন ভক্তদের কাছেই। মার্কিন ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং, সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভিটার্বি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং ম্যাকগাইভার ফাউন্ডেশন সে জন্য একটি প্রতিযোগিতারও আয়োজন করেছে। তবে তাদের শর্ত একটাই - নতুন ম্যাকগাইভার হবেন একজন নারী।

'দ্য নেক্সট ম্যাকগাইভার' প্রকল্পের আয়োজকরা বলছেন, তারা "একজন অনুসরনীয় নারী প্রকৌশলী চরিত্র" তৈরি করতে চান, যাতে করে নারীরা বিজ্ঞান ও প্রকৌশলকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন।

'ম্যাকগাইভার' স্রষ্টা লি যলটফ বলেন, "কত মানুষ যে আমাকে এসে বলেছে, যে 'আমি প্রকৌশলী হয়েছি' বা 'আমি বিজ্ঞান পড়েছি' ম্যাকগাইভারের কারণে!"

তিনি এবং তার সহযোগীরা এমন এক নারী চরিত্র তৈরি করতে চান, "যার ম্যাকগাইভারের মতো দক্ষতা আছে, যে তরুণ এবং বিশেষ করে অল্প বয়স্ক নারীদের অনুপ্রাণিত করবে।"

যে কোনো দেশের নাগরিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাদের সৃষ্ট চরিত্র যে কোনো বয়স, বর্ণ, জাতীয়তার হতে পারে এবং শোটি যে কোনো ঘরানার হতে পারে।

অনুষ্ঠানটি কোন মাধ্যমে সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি। তবে প্রতিযোগীদের অবশ্যই একটি পাইলট পর্বের সারসংক্ষেপ ১৭ এপ্রিলের মধ্যে thenextmacgyver.com ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।

পাঁচ জন বিজয়ীকে পাঁচ হাজার মার্কিন ডলার করে দেওয়া হবে এবং তারা একজন হলিউড প্রযোজকের সঙ্গে নিজেদের চিত্রনাট্য তৈরি করার সুযোগ পাবেন।

রিচার্ড ডিন অ্যান্ডারসন অভিনীত 'ম্যাকগাইভার' সিরিজটি ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। সিরিজে দেখা যায় ম্যাকগাইভার নামের এক গোয়েন্দাকে যিনি হাতের কাছে পাওয়া যায় এমন যে কোনো কিছু দিয়ে জটিল কোনো যন্ত্র তৈরি করে ফেলতে পারেন। আর তাই সহিংসতার পথ বেছে না নিয়ে বিজ্ঞানের সহায়তায় তিনি সব সমস্যার সমাধান করে ফেলেন।

সংশোধিত