পাঁচ বাংলা ক্ল্যাসিকের সুবর্ণ জয়ন্তী
১৯৬৫ - নানা কারণেই একটি বিশেষ বছর। এ বছর মুক্তি পায় সত্যজিৎ রায়ের দুই অমর সৃষ্টি ‘মহাপুরুষ’ এবং ‘কাপুরুষ’। ঋতিক ঘটকের ‘সুবর্ণরেখা’, মৃণাল সেনের ‘আকাশকুসুম’। সুনীল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রাজকন্যা' সিনেমায় অভিনয় করেন উত্তম কুমার। আর এই পাঁচ সিনেমাই ২০১৫ সালকেও বিশেষ করে তুলেছে। কারণ এ বছরই মুক্তির ৫০ বছর পূর্ণ করছে সিনেমাগুলো।
‘রাজকন্যা’
সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। অনেকেই হয়তো জানেন না, সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য রচয়িতা ছিলেন ঋত্বিক ঘটক। সিনেমায় আরও ছিলেন চন্দ্রাবতী দেবী, গীতালী রায়, অজিৎ চট্টোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায় এবং ভানু বন্দ্যোপাধ্যায়। সেই সময়ের জনপ্রিয় গান ‘এই সেই পূর্ণিমা রাত’ ছিল এই সিনেমারই।
‘আকাশ কুসুম’
ভারতে বিকল্প ধারার সিনেমার অন্যতম প্রবক্তা মৃণাল সেন এই সিনেমাটি তৈরি করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন এবং শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে। মধ্যবিত্ত পরিবারের এক যুবকের উচ্চাকাঙ্ক্ষা ও প্রেমের গল্প নিয়ে তৈরি সিনেমাটি সে বছর জিতে নিয়েছিল সেরা বাংলা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার। শুভেন্দু চট্টোপাধ্যায় এই সিনেমার মাধ্যমেই শুরু করেছিলেন তার অভিনয় জীবন।
‘কাপুরুষ’
প্রেমেন্দ্র মিত্রের গল্প ‘জনৈক কাপুরুষের কাহিনী’ অবলম্বনে সিনেমাটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। সিনেমার গল্প এগোয় অমিতাভ রয়কে ঘিরে। এক রাতের অতর্কীত দুর্ঘটনা যাকে নিয়ে যায় তারই সাবেক প্রেমিকা করুণার কাছে, যে কিনা এখন হারাধন ব্যানার্জী নামের একজনের স্ত্রী। মূল চরিত্রটির রূপদান করেছিলেন সত্যজিতের পছন্দের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্য দুই চরিত্রে ছিলেন মাধবী মুখোপাধ্যায় এবং বিমল গুপ্ত।
‘মহাপুরুষ’
পরশুরামের ছোট গল্প ‘বিরিঞ্চি বাবা’ অবলম্বনে সত্যজিৎ রায়ের হাস্যরসাত্মক এই সিনেমাটি রাতারাতি অর্জন করে দারুণ জনপ্রিয়তা। সিনেমার গল্প এগোয় বিরিঞ্চি বাবা নামের এক ভণ্ড সাধকের গল্প নিয়ে, যে তার ভক্তদের বোকা বানায় এই বলে যে, আইনস্টাইনকে তিনিই আপেক্ষিকতার সূত্র শিখিয়েছিলেন। এমনকি, চাঁদ সূর্য তার ইশারাতেই ওঠে নামে। সিনেমায় বিরিঞ্চি বাবার চরিত্রে অভিনয় করেছিলেন চারুপ্রকাশ ঘোষ। তার সহকারীর ভূমিকায় রবি ঘোষের অভিনয় প্রশংসিত হয়েছিল সব মহলেই।
‘সুবর্ণরেখা’
দেশভাগের প্রেক্ষাপট এবং মানুষের জীবনে এর প্রভাব নিয়ে ‘সুবর্ণরেখা’ তৈরি করেছিলেন ঋত্বিক ঘটক। অভি ভট্টাচার্য, মাধবী মুখোপাধ্যায়, সতীন্দ্র ভট্টাচাযর্ এবং বিজন ভট্টাচাযর্ অভিনয় করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন ওস্তাদ বাহাদুর খাঁ, যিনি পরে ঋত্বিকের ‘যুক্তি তক্কো গপ্পো’ এবং ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমা দুটিতে সংগীত পরিচালনা করেছিলেন।
